১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলে গোল্ডেন বুট জয়ীর নেতৃত্বে এবার বিশ্বকাপ খেলবে কলম্বিয়া

বেশ অভিজ্ঞ স্কোয়াড নিয়ে উত্তর আমেরিকা আসরে অভিযানে যাচ্ছে লাতিন আমেরিকার দেশটি।

ব্রাজিলে গোল্ডেন বুট জয়ীর নেতৃত্বে এবার বিশ্বকাপ খেলবে কলম্বিয়া
কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 07:53 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

আসছে বিশ্বকাপের জন্য হামেস রদ্রিগেসকে অধিনায়ক করে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কলম্বিয়ার কোচ নেস্তর লরেন্সো। দলটির আক্রমণভাগে আছেন বায়ার্ন মিউনিখ তারকা লুইস দিয়াস।

কাতার বিশ্বকাপে খেলতে না পারার হতাশা ভুলে ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ফিরছে কলম্বিয়া। এটি হবে তাদের সপ্তম বিশ্বকাপ।   

আগামী জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য সোমবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন লরেন্সো। ২০১৪ সালের ব্রাজিল আসরে সর্বোচ্চ ৬টি গোল করা রদ্রিগেসের নেতৃত্বে কলম্বিয়া দলটি বেশ অভিজ্ঞ।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের জমজমাট লড়াইয়ে তৃতীয় হয়ে ৪৮ দলের বিশ্বকাপে জায়গা করে নেয় কলম্বিয়া। উন্নতির ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্যকে ছোঁয়ার অথবা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য লরেন্সোর দলের। ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল খেলেছিল তারা, প্রতিযোগিতাটিতে সেটাই তাদের সর্বোচ্চ সাফল্য।

আগামী ১ জুন কোস্টা রিকা ও ৭ জুন জর্ডানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে কলম্বিয়া। এরপর, আগামী ১৭ জুন উজবেকিস্তানের বিপক্ষে মূল পর্বে যাত্রা শুরু করবে তারা। ‘কে’ গ্রুপের অন্য দুই দল পর্তুগাল ও ডিআর কঙ্গো।