০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মোহামেডানের স্বরূপে ফেরার দিনে হোঁচট আবাহনীর

স্যামুয়েল বোয়াটেংয়ের হ্যাটট্রিকে জয়ের পথে ফিরেছে আলফাজ আহমেদের দল।

মোহামেডানের স্বরূপে ফেরার দিনে হোঁচট আবাহনীর
সতীর্থদের সঙ্গে উদযাপন হ্যাটট্রিক উপহার দেওয়া স্যামুয়েল বোয়াটেংয়ের। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

দুই ঐতিহ্যবাহী দলের দিনটা কাটল দুই রকম। স্যামুয়েল বোয়াটেংয়ের হ্যাটট্রিকে ব্যর্থতার বলয় ভেঙে জয়ে ফিরল মোহামেডান। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ছুটল উল্টোরথে, ফর্টিস এফসির বিপক্ষে পয়েন্ট হারাল মারুফুল হকের দল।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার লিগ ম্যাচে পিডাব্লিউডিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। আর বুসন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের সাথে গোলশুন্য ড্র করেছে আবাহনী।

পঞ্চম রাউন্ড শেষে অবশ্য দুই দলই পয়েন্ট টেবিলে নেই খুব বেশি স্বস্তিতে। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শিরোপাধারী মোহামেডান। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট কম তাদের। লিগের ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী ৫ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।

পয়েন্ট টেবিলের নিচের দিকের দল পিডাব্লিউডির বিপক্ষে জালের দেখা পেতে ৩২ মিনিট লেগে যায় মোহামেডানের। স্পট কিকে সাদাকালো জার্সিধারীদের এগিয়ে নেন মোজাফ্ফর মোজাফ্ফরভ। লাইনে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলকিপার অনিক আহমেদ। 

ব্যবধান দ্বিগুণ হওয়া গোলে দায় আছে অনিকের। পোস্ট ছেড়ে বক্সের বাইরে এসে দলকে বিপদমুক্ত করতে গিয়ে তালগোল পাকিয়ে উল্টো তিনি বল তুলে দেন বোয়াটেংয়ের পায়ে। ফাঁকা পোস্টে বল জড়াতে কোনো ভুল হয়নি ঘানার এই ফরোয়ার্ডের।

এরপর পাঁচ মিনিটের মধ্যে আরও দুই গোলে হ্যাটট্রিক পূরণ করেন বোয়াটেং। ৭৭তম মিনিটে সাইফুল হোসেনের ক্রস অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে নিয়ন্ত্রণে নিয়ে, ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর বাইলাইনের একটু ওপর থেকে রহমত মিয়ার বাড়ানো বল বুটের তলার টোকায় জালে জড়ান। এই গোলের সময়ও পোস্ট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন অনিক।

শেষ দিকে নিয়মিত গোলকিপার সুজন হোসেনকে তুলে মোহাম্মদ তায়েবকে নামান মোহামেডান কোচ। যোগ করা সময়ে বক্সে তিনিই ফাউল করে পেনাল্টি উপহার দিয়েছিলেন পিডাব্লিউডিকে। আব্দুল্লাহর শট ডান দিকে ঝাঁপিয়ে ভুলের প্রায়াশ্চিত্ত করেন তিনি, জয়ের সাথে জাল অক্ষত রেখে মাঠ ছাড়ে সব প্রতিযোগিতা মিলিয়ে আগের দুই ম্যাচে জয়হীন মোহামেডান।