১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: পরিবারকে ঘিরে দুশ্চিন্তা নিয়েই ফুটবলে ব্যস্ত ইরানের মেয়েরা

পেশাদারিত্বের খাতিরে শত চিন্তার মাঝেও মাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে তারা।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: পরিবারকে ঘিরে দুশ্চিন্তা নিয়েই ফুটবলে ব্যস্ত ইরানের মেয়েরা
ইরানের ফরোয়ার্ড সারা দিদার (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 08:34 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর্যুপরি বিমান হামলায় ইরানে সবকিছু ভেঙে পড়ার দশা। সময়ের সঙ্গে প্রাণহানির সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সেসব থেকে অবশ্য এখন হাজারো মাইল দূরে নিরাপদেই আছে সারা দিদার ও তার সতীর্থরা। কিন্তু তাদের পরিবার তো আছে দেশেই। তাই বাবা-মা, ভাই-বোনসহ কাছের মানুষদের নিয়ে দুশ্চিন্তা কিছুতেই মনের আড়াল হচ্ছে না। 

তবে, পেশাদারিত্বের নিচে সেসব চাপা দিয়েই উইমেন’স এশিয়ান কাপে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে ইরান জাতীয় ফুটবল দলকে।

মধ্যপ্রাচ্যে নতুন করে এই সংঘাতের শুরু গত শনিবার সকালে, আচমকা ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশটির শাসনব্যবস্থার আরও অনেক শীর্ষ ব্যক্তি। 

ওই হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করে ইরান এবং সেই থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও দেশটিতে বিমান হামলা করেই যাচ্ছে।

দেশের পরিস্থিতি ক্রমেই আরও ভযাবহ হচ্ছে। এই সম্পর্কে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলায় ব্যস্ত ফরোয়ার্ড দিদারকে প্রশ্ন করেন এক সাংবাদিক। উত্তর দিতে গিয়ে কান্না আটকাতে লড়াই করতে হয় তাকে।

সংবাদ সম্মেলন থেকে যাওয়ার সময় সারা দিদার (ডানে)। ছবি: রয়টার্স

সংবাদ সম্মেলন থেকে যাওয়ার সময় সারা দিদার (ডানে)

“ইরানে যা হচ্ছে, অবশ্যই তা নিয়ে আমরা চিন্তিত এবং (সবকিছু দেখে) কষ্ট পাচ্ছি, আমাদের পরিবার ও আমাদের ভালোবাসার মানুষগুলো ইরানেই আছে। তবে আমি সত্যিই আশা করি, দেশের জন্য ভালো কিছু হবে, সামনে ভালো খবর আসবে এবং আমার দেশ শক্তভাবে টিকে থাকবে।”

দেশটির প্রধান কোচ মারজিয়েহ জাফারি অবশ্য জানিয়েছেন, পরিবারকে নিয়ে দুশ্চিন্তা ও সব চ্যালেঞ্জ সামলে তার দলের মেয়েরা খেলায় মনোযোগ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।

“আমাদের পরিবার ও ইরানের মানুষদের নিয়ে আমাদের খুব চিন্তা হচ্ছে। কেউই যুদ্ধ চায় না…কিন্ত এখানে আমরা পেশাদারিত্বের সঙ্গে ফুটবল খেলতে এসেছি এবং আমরা ফুটবলে ও আগামী ম্যাচে মনোযোগ ধরে রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা করব।”

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে ইরান। পরের ম্যাচে তারা খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে, বৃহস্পতিবার। 

সবশেষ খবর অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত ইরানে প্রাণহানির সংখ্যা এক হাজার ৪৫।