চেলসিকে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে তিনে নিউক্যাসল ইউনাইটেড
দারুণ এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার কাছাকাছি পৌঁছে গেছে এডি হাউয়ের দল।
ম্যাচ শুরু হতেই গোল হজম করল চেলসি। এর পাল্টা জবাব দেবে কী, প্রথমার্ধেই ১০ জনের দলেও পরিণত হলো তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারল না দলটি। তাদেরকে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠল নিউক্যাসল ইউনাইটেড।
সেন্ট জেমস পার্কে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। সান্দ্রো তোনালি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো গিমাইরাইস।
ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। জ্যাকব মার্ফির ক্রস পেয়ে কাছ থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন ইতালিয়ান মিডফিল্ডার তোনালি।
৩৫তম মিনিটে প্রতিপক্ষের সভেন বোটমানকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সেনেগালের ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন। অবশ্য একজন কম নিয়েও তুলনামূলক বেশি সময় পজেশন ধরে রেখে খেলতে থাকে চেলসি; যদিও আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি তারা।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান বাড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন গিমারাইস। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
এই জয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার কাছাকাছি পৌঁছে গেছে এডি হাউয়ের দল। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে তারা।
সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার সিটি। আর পাঁচ নম্বরে চেলসির পয়েন্ট ৬৩। তাদের সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অ্যাস্টন ভিলা।
এবার প্রিমিয়ার লিগ থেকে টেবিলের প্রথম পাঁচটি দল উঠবে চ্যাম্পিয়ন্স লিগে।
