১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্রোয়েশিয়াকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল

জমজমাট ম‍্যাচে ৩-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।

ক্রোয়েশিয়াকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল
ক্রোয়েশিয়ার বিপক্ষে দলকে এগিয়ে নিলেন দানিলো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 03:44 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

এন্দ্রিক মাঠে নামার পর যেন বদলে গেল ব্রাজিল। আক্রমণ হয়ে উঠল আরও ধারাল। ক্রোয়েশিয়া সমতা ফেরানোর পর দ্রুতই প্রতিক্রিয়া দেখাল ব্রাজিল। চার মিনিটের মধ‍্যে দুইবার জালে বল পাঠিয়ে ফিরল জয়ে। 

বাংলাদেশ সময় বুধবার সকালে শুরু হওয়া ম‍্যাচে ৩-১ গোলে জিতেছে ব্রাজিল। 

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে এগিয়ে নেন দানিলো। ক্রোয়েশিয়ার লভরো মায়ের সমতা ফেরানোর পর সফল স্পট কিকে দেশের হয়ে নিজের প্রথম গোল করেন ইগো চিয়াগো। যোগ করা সময়ে দলের তৃতীয় গোলটি করেন গাব্রিয়েল মার্তিনেল্লি।

ম‍্যাচের শুরুতে ছিল ফাউলের ছড়াছড়ি। প্রথম ১১ মিনিটে হয় ১১টি ফাউল।

এরপর ধীরে ধীরে কমতে থাকে ফাউলের সংখ‍্যা। গতিময় ফুটবলে জমে ওঠে ম‍্যাচ। ১৯তম মিনিটে ম‍্যাচের প্রথম ভালো সুযোগ পান দানিলো। ভিনিসিউস জুনিয়রের কাটব‍্যাকে তার গতিময় শট চমৎকার রিফ্লেক্সে কোনোমতে ফেরান ক্রোয়েশিয়া গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।  

৩৬তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন জোয়াও পেদ্রো। তবে এবারও দুর্দান্ত সেভে ব্রাজিলকে হতাশ করেন লিভাকোভিচ। পাঁচ মিনিট পর ঝাঁপিয়ে তিনি ব‍্যর্থ করে দেন জোয়াও পেদ্রোর গতিময় শট।    

যোগ করা সময়ের প্রথম মিনিটে লুকা মদ্রিচের ফ্রি কিকে সুযোগ এসে যায় লুক ভুসকোভিচের সামনে। তার হেড দারুণ রিফ্লেক্সে ক্রসবারের উপর দিয়ে পাঠান ব্রাজিল গোলরক্ষক বেন্তো।

গতিময় পাল্টা আক্রমণে পরের মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। পায়ের কারিকুরি ও গতিতে ক্রোয়েশিয়ার তিনজনকে এড়িয়ে চমৎকার কাট ব‍্যাকে ভিনিসিউস খুঁজে নেন দানিলোকে। পেনাল্টি স্পটের কাছ থেকে বাকিটা অনায়াসে সারেন দানিলো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্রাজিলকে বেশ চেপে ধরে ক্রোয়েশিয়া। ৫৭তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে আন্দ্রেই ক্রামারিচের গতিময় শট ঠেকান বেন্তো।

৭৪তম মিনিটে ভুসকোভিচের শট যায় ক্রসবারের উপর দিয়ে। ১০ মিনিট পর ম‍্যাচে সমতা ফেরান মায়ের। তনি ফ্রুকের উঁচু করে বাড়ানো বল ক্লিয়ার করতে পারেননি ব্রাজিলের কেউ। সুযোগ কাজে লাগিয়ে জাল খুঁজে নেন মায়ের।

ক্রোয়াটদের উচ্ছ্বাস অবশ‍্য বেশিক্ষণ টেকেনি। ৮৮তম মিনিটে সফল স্পট কিকে দলকে ফের এগিয়ে নেন চিয়াগো। ডি বক্সে এন্দ্রিককে ফাউল করায় পেনাল্টি পায় ব্রাজিল।

সমতা ফেরানোর মরিয়া চেষ্টায় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি গোল হজম করে ক্রোয়েশিয়া। প্রতি আক্রমণে এন্দ্রিকের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন আর্সেনাল ফরোয়ার্ড মার্তিনেল্লি।  

ফ্রান্সের বিপক্ষে আগের ম‍্যাচে হারের পর এই জয়ে স্বস্তি নিয়েই আন্তর্জাতিক বিরতি শেষ করল ব্রাজিল।