২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাইসের থেকে আরও অনেক কিছু পাবে আর্সেনাল, বিশ্বাস আর্তেতার

আর্সেনাল কোচের মতে, এই ইংলিশ মিডফিল্ডার প্রত্যাশার চেয়েও অনেক ভালো করছেন।

রাইসের থেকে আরও অনেক কিছু পাবে আর্সেনাল, বিশ্বাস আর্তেতার
ডেক্লান রাইসের (ডানে) সঙ্গে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 05:06 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

গত এক বছরে দারুণ সব পারফরম্যান্সের ধারাবাহিকতায় নিজেকে প্রিমিয়ার লিগের সেরাদের কাতারে তুলে ধরেছেন ডেক্লান রাইস। তবে আর্সেনাল কোচ মিকেল আর্তেতার বিশ্বাস, এই ইংলিশ মিডফিল্ডারের থেকে দল আরও অনেক কিছু পাবে।

গত সপ্তাহে প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার ও চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দারুণ দুই জয়ের পর, এবার চেলসির সামনে আর্সেনাল। স্ট্যামফোর্ড ব্রিজে রোববার রাত সাড়ে ১০টায় শুরু হবে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি।

খুব গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে রাইসের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আর্তেতা। তিনি বিশ্বাস করেন, রাইসের আরও এগিয়ে যাওয়ার সুযোগ আছে। 

বর্তমানে কি সেরা ফর্মে আছেন রাইস?-এমন প্রশ্নে আর্তেতা বলেন, “এক-দুই বছর আগের তুলনায় হ্যাঁ, কিন্তু এখন প্রতিদিন তাকে কাছ থেকে দেখে, তার ধরন ও সামর্থ্য বুঝতে পেরে আমার মনে হচ্ছে যে তার কাছ থেকে আমরা আরও অনেক কিছু পাব। কারণ সে আরও চায়, দলের সবাই তাকে এখন আরও ভালোভাবে জানে, দলে তার ভূমিকাও বাড়ছে। দলে তার প্রভাব বিশাল।”

“আমি তার সম্পর্কে অনেক আগে থেকেই জানতাম (তাকে দলে আনার আগে থেকে) এবং জানতাম সে কতটা উন্নতি করতে এবং দলকে বদলে দিতে পারে। নিশ্চিতভাবেই সে কাজটা করেছে এবং প্রত্যাশামতোই উন্নতি করেছে।”

ক্যারিয়ারের প্রথমভাগে রাইস খেলতেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে। সেখানে মূলত তার ভূমিকা ছিল রক্ষণভাগের ঠিক ওপরে। আর্সেনালে এসে আর্তেতার কোচিংয়ে তিনি এখনও আরও ওপরে খেলেন, মিডফিল্ডার হলেও আক্রমণেও অনেক ভূমিকা রাখেন। 

রাইসের বাহুতে অধিনায়কের আর্মব্যান্ড না থাকলেও মাঠের পারফরম্যান্সে তিনিও যেন আর্সেনালের নেতা। আর্তেতার চোখে, ক্লাবে রাইসের প্রভাব দিন দিন আরও বাড়ছে। 

“(দলে রাইসের প্রভাব) অনেক বেশি। অবশ্যই সে ওয়েস্ট হ্যামে অধিনায়ক ছিল। সে এখানে নতুন একটা ক্লাব, নতুন আবহে এসেছে, যেখানে অনেক কিছু আগে থেকে অন্যভাবে চলছে, তবে সে (মানিয়ে নিয়ে) দলে নিজের ভূমিকা বাড়ানোর অধিকার অর্জন করেছে। (দলে) আরও গুরুত্বপূর্ণ হতে, আমাদের প্রতিটি কাজের অংশীদার হতে চেষ্টা করেছে। সে এখন নেতৃত্বের অংশ, যা খুবই গুরুত্বপূর্ণ।”

“দলের সবকিছুতেই সে যে যুক্ত, দলের খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা ভাবার জন্য তার (অধিনায়কের) আর্মব্যান্ড পরার দরকার হয় না, তবুও দল তাকে শক্তিশালী, প্রভাবশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে।”

প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে ৯ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ৭ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান দ্বিতীয় স্থানে।