দুর্দান্ত জয়ে ষষ্ঠ ফাইনালে ‘মি. ইউরোপা লিগ’
পাঁচবার ফাইনালে খেলে চারবারের শিরোপাজয়ী কোচ উনাই এমেরি এবার ইউরোপা লিগে আরেকটি ট্রফির দুয়ারে।
প্রথম লেগের পরাজয়ে কিছুটা শঙ্কা উঁকি দিয়েছিল। তবে ইউরোপা লিগ আর উনাই এমেরির সম্পর্ক এতটা নিবিড় যে, শঙ্কাগুলো শেষ পর্যন্ত বাস্তব রূপ পেল না। প্রথম লেগের ব্যবধান ঘুচিয়ে নটিংহ্যাম ফরেস্টকে দুমড়ে-মুচড়ে ফাইনালে পৌঁছে গেল অ্যাস্টন ভিলা। ‘মি. ইউরোপা লিগ’ নামে খ্যাত কোচ এমেরি এখন আরও একটি শিরোপার দুয়ারে।
ইউরোপা লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হারলেও দ্বিতীয় লেগে বৃহস্পতিবার নটিংহ্যাম ফরেস্টকে ৪-০ গোলে উড়িয়ে দেয় অ্যাস্টন ভিলা।
অবিশ্বাস্যভাবে, ইউরোপা লিগে এমেরির এটি ষষ্ঠ ফাইনাল! আগের পাঁচ ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরেছেন তিনি চারবার।
তার কোচিংয়ে ২০১৪, ২০১৫ ও ২০১৬ আসরে হ্যাটট্রিক শিরোপা জিতেছিল সেভিয়া। পরে ২০২১ সালে শিরোপা এনে দেন তিনি ভিয়ারিয়ালকে। ২০১৯ সালে কেবল আর্সেনালের দায়িত্বে থাকার সময় হেরেছিলেন তিনি চেলসির কাছে।
৫৪ বছর বয়সী স্প্যানিশ কোচের সামনে এখন পঞ্চম ইউরোপা লিগ জয়ের হাতছানি।
ম্যাচ শেষে মুষ্ঠিবদ্ধ হাত কয়েক দফায় বাতাসে ছুড়ে দর্শকদের দিকে হাত নেড়ে দ্রুতই মাঠ ছেড়ে যান এমেরি। মূল লক্ষ্য তো তার শিরোপা! সেটিই বললেন তিনি পরে, “এখন আমাদেরকে ফাইনালে তাকাতে হবে। আশা করি, ভক্তদের জন্য দারুণ কিছু করবে এই ক্লাব।”
কোচকে প্রত্যাশিত সাফল্য এনে দেওয়ার প্রত্যয় শোনা গেল দ্বিতীয় লেগে প্রথম গোলটি করা ফরোয়ার্ড ওলি ওয়াটকিন্স।
“এই ম্যাচের জন্য আমাদের প্রস্তুত করতে এবং ফাইনালে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তার চেয়ে ভালো কোচ আর নেই। তার রেকর্ডই তার হয়ে কথা বলে। আমরা এখন দারুণ অবস্থানে আছি, কিন্তু আমাদের এখন সামনে এগিয়ে যেতে হবে এবং এটা জিততে হবে।”
