০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ‘শেষ’ হেন্ডারসনের

দুর্ভাগ্যজনকভাবে চোট পাওয়া ইংলিশ মিডফিল্ডারের অস্ত্রোপচার প্রয়োজন।

বিশ্বকাপ ‘শেষ’ হেন্ডারসনের
জর্ডান হেন্ডারসন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 12:51 AM

Updated : 11 Sep 2026, 03:36 PM

মেক্সিকোর বিপক্ষে জয় উদযাপনের সময় দুর্ভাগ্যজনকভাবে চোট পাওয়া জর্ডান হেন্ডারসনের অস্ত্রোপচার প্রয়োজন। স্কাই স্পোর্টসের খবর, বিশ্বকাপের বাকি অংশে খেলতে পারবেন না ইংল্যান্ডের অভিজ্ঞ এই মিডফিল্ডার। 

আসতেকা স্টেডিয়ামে শেষ ষোলোয় ইংল্যান্ডের ৩-২ গোলের জয়ের পর, মাঠের পাশে বিজ্ঞাপন বোর্ডের ওপর দিয়ে লাফিয়ে পার হওয়ার সময় পা পিছলে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান হেন্ডারসন। এতে কব্জি ও কনুইয়ের মাঝামাঝি অংশে চোট পান তিনি। ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। 

স্ট্রেচারে মাঠের বাইরে নেওয়ার পর, হেন্ডারসনকে মেক্সিকো সিটির একটি হাসপাতালে নেওয়া হয়। টমাস টুখেলের দলের বাকিদের সঙ্গে ক্যানসাস সিটিতে ইংল্যান্ডের বেইস ক্যাম্পে ফিরে যাননি তিনি। ইংল্যান্ডের মেডিকেল স্টাফের একজন সদস্য তার সঙ্গে থেকে যান।

৩৬ বছর বয়সী হেন্ডারসন মেক্সিকোর বিপক্ষে ছিলেন বেঞ্চে। এবারের বিশ্বকাপে স্রেফ ৬ মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি, গ্রুপের শেষ ম্যাচে পানামার বিপক্ষে।

টুর্নামেন্টের বাকি অংশে হেন্ডারসনের খেলা নিয়ে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।