১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্রাজিল ও আর্সেনালের জন্য বড় ধাক্কা

ঊরুর চোটে ছিটকে গেছেন ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 10:54 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

শঙ্কাটাই সত্যি হয়েছে। চোটের কারণে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস।

এই চোট তার ক্লাব আর্সেনালের জন্যও দুশ্চিন্তার। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর শুরুতে হয়তো তাকে পাবে না ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। 

আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গত শনিবার সেনেগালের বিপক্ষে ব্রাজিলের ২-০ গোলে জেতা প্রীতি ম্যাচে ৬৪তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন গাব্রিয়েল।

পরীক্ষায় তার ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়ার কথা জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বদলি হিসেবে কাউকে দলে ডাকা হবে না বলেও জানানো হয়েছে বিবৃতিতে। 

কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সে ব্যাপারে কিছু বলা হয়নি।

আর্সেনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ গাব্রিয়েল। রক্ষণভাগের বড় ভরসা হয়ে উঠেছেন তিনি। এবারের প্রিমিয়ার লিগে দলটি ১১ ম্যাচে কেবল ৫ গোল হজম করেছে। রক্ষণে এত দৃঢ়তা দেখানোয় বড় অবদান আছে গাব্রিয়েলের।

আগামী রোববার প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে আর্সেনাল। তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে মিকেল আর্তেতার দল।