মৌসুমে গাব্রিয়েলকে আর পাবে না আর্সেনাল
এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার ছিটকে পড়ায় দলটির রক্ষণে বড় শূন্যতা তৈরি হলো।
আর্সেনালের রক্ষণে বড় আঘাত লেগেছে। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে অস্ত্রোপচার করাতে হবে গাব্রিয়েল মাগালিয়াইসের। চলতি মৌসুমের বাকি অংশে আর খেলতে পারবেন না ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
চোট কাটিয়ে প্রায় সাড়ে তিন মাস পর গত মঙ্গলবার ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচ দিয়ে দলে ফেরেন বুকায়ো সাকা। ওই ম্যাচেই শুরুর দিকে চোট পেয়ে ছিটকে পড়েন গাব্রিয়েল।
আর্সেনালের বিবৃতিতে এই মৌসুমে তাকে আর পাওয়া যাবে না বলে নিশ্চিত করা হয়েছে। অস্ত্রোপচারের পর আগামী মৌসুমে ফেরার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তার।
হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ম্যাচের ষোড়শ মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। ওই ম্যাচেই চোট পেয়ে পরে উঠে যান ডাচ ডিফেন্ডার ইউরিয়েন টিম্বার। একদিকে সাকা মাঠে ফেরায় আর্সেনালের আক্রমণভাগের শক্তি যেমন বাড়ল, তেমনি গাব্রিয়েলের মৌসুম শেষ হয়ে যাওয়ায় দলটির রক্ষণে বড় শূন্যতা তৈরি করল।
দলটির আরও তিন ডিফেন্ডার আগে থেকেই চোটের কারণে বাইরে আছেন-ইতালির রিকার্দো কালাফিওরি, ইংল্যান্ডের বেন হোয়াইট ও জাপানের তাকেহিরো তমিয়াসু।
এছাড়া এই বছরের প্রথম দিকে চোট পেয়ে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে যান দুই ফরোয়ার্ড কাই হাভার্টজ ও গাব্রিয়েল জেসুস।
প্রিমিয়ার লিগে ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
