১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শেষ সময়ের গোলে এভারটনের মাঠে জিতল লিভারপুল

যোগ করা সময়ের দশম মিনিটে হেডে গোল করে ব্যবধান গড়ে দিয়েছেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

শেষ সময়ের গোলে এভারটনের মাঠে জিতল লিভারপুল
লিগে টানা দ্বিতীয় জয় পেল লিভারপুল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 09:22 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

পিএসজির বিপক্ষে ফের হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া লিভারপুল জয় পেল ইংলিশ প্রিমিয়ার লিগে। শেষ সময়ের গোলে তারা এভারটনের মাঠ থেকে ফিরল হাসিমুখে। 

প্রিমিয়ার লিগে রোববার মার্সিসাইডের দুই দলের লড়াইয়ে ২-১ গোলে জিতেছে আর্না স্লটের দল। 

মোহামেদ সালাহ প্রথমার্ধে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে সমতা ফেরান বেতো। যোগ করা সময়ের দশম মিনিটে দারুণ হেডে ব্যবধান গড়ে দেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। 

লিগে গত আসরের চ্যাম্পিয়নদের এটি টানা দ্বিতীয় জয়। ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে এভারটন। 

ঘরের মাঠে প্রথম ভালো সুযোগটি পায় এভারটন। ষষ্ঠ মিনিটে বেতোর হেড চমৎকার রিফ্লেক্সে ঠেকিয়ে দেন জিওর্জি মামারদাশভিলি। ২৫তম মিনিটে জেমস তারকোভস্কির হেডও ফিরিয়ে দেন তিনি।

২৭তম মিনিটে লিভারপুলের জালে বল পাঠান ইলিমান এনজাই। তবে জ্যাক ও’ব্রায়েন অফসাইডে থাকায় মেলেনি গোল। 

দুই মিনিট পর কোডি হাকপোর শট ঠেকিয়ে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। 

এর কয়েক সেকেন্ড পরই সাফল্য পায় লিভারপুল। ডোয়াইট ম্যাকনিলের মারাত্মক ভুলে বল পেয়ে যান ফ্লোহিয়ান ভিয়েৎস। তার কাছ থেকে বল পেয়ে কোডি হাকাপো খুঁজে নেন সালাহকে। বাকিটা অনায়াসে সারেন অভিজ্ঞ ফরোয়ার্ড।   

বিরতির আগে হাকপো ও আলেকসান্দার ইসাকের দুটি শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি এভারটন গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় এভারটন। কিয়েরনান ডিউসবুরি-হলের ক্রসে চমৎকার স্লাইডে খুব কাছ থেকে জাল খুঁজে নেন বেতো। 

সমতা ফেরানোর পর যেন আরও উজ্জীবিত হয়ে ওঠে এভারটন। ৬৪তম মিনিটে এনজাইয়ের শট ঠেকান ফ্রেডি উডম্যান।

এলেমেলো ফুটবলের মধ্যে অনেকটা সময় তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। যোগ করা সময়ের অষ্টম মিনিটে ব্যবধান গড়ে দেওয়ার দারুণ সুযোগ আসে রিও নুগোমোহার সামনে। কিন্তু বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি এই তরুণ।  

দুই মিনিট পর সুযোগ কাজে লাগান দীর্ঘদেহী ফন ডাইক। দমিনিক সোবোসলাইয়ের কর্নারে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে গতিময় হেডে জাল খুঁজে নেন ডাচ ডিফেন্ডার। জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।