ইংলিশ প্রিমিয়ার লিগ
Published : 26 Apr 2026, 04:21 PM
শিরোপা লড়াইয়ের লাগামটা গেল সপ্তাহে হাতছাড়া হয়ে গেছে। তবে, প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সামান্য ভুলেই দৃশ্যপট বদলে যেতে পারে আবার। তাই আপাতত অতসব না ভেবে, নিজেদের কাজে মনোযোগ রাখতে চায় আর্সেনাল। জিততে চায়, বাকি চার ম্যাচেই।
অ্যামিরেটস স্টেডিয়ামে শনিবার নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে আবার লিগ টেবিলে শীর্ষে ফিরেছে আর্সেনাল।
লিগে টানা দুই হারের পর, ঘরের মাঠে তাদের এই জয়ের নায়ক এবেরেচি এজে। নবম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে একমাত্র গোলটি করেন ২৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার।
জয়ের পর ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইস দলের পরবর্তী লক্ষ্যের কথা বলেন।
“আমার মনে হয়, গত সপ্তাহে (ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর) আমরা বলেছিলাম যে, প্রিমিয়ার লিগ জিততে হলে আমাদের বাকি পাঁচ ম্যাচ জিততে হবে। এর একটি শেষ হলো, এখন বাকি থাকল চারটি। কিভাবে জিতলাম, সেটা বড় নয়, এখন জয়টাই আসল।”
কিছুদিন আগেও পেপ গুয়ার্দিওলার দলের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু পরপর দুই সপ্তাহে বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে এবং সিটির মাঠে একই ব্যবধানে হেরে বসে মিকেল আর্তেতার দল, আর এরপর বার্নলির মাঠে জিতে চূড়ায় ওঠে সিটি।
গত অক্টোবরের পর, প্রথমবারের মতো লিগের শীর্ষস্থান হারায় আর্সেনাল। গত তিন মৌসুমের প্রতিবারই এমন দৃশ্য দেখা গেছে; অনেকটা সময় শীর্ষে থেকেও শেষদিকে পথ হারিয়ে শিরোপা জিততে পারেনি রাইস-সাকারা।
তবে এবার গল্পের শেষটা যেভাবেই হোক বদলাতে চায় আর্সেনাল। আপাতত শীর্ষে ফেরায় আত্মবিশ্বাসও পাচ্ছে তারা। অবশ্য সিটির হাতে একটি ম্যাচ বেশি আছে।
৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট আর্সেনালের। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি।
পয়েন্ট সমান হলে প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী এরপর দেখা হয় গোলের ব্যবধান, গত রাউন্ড পর্যন্ত সেখানে সমতায় ছিল এই দুই দল। পয়েন্ট ও গোল ব্যবধান সমান হওয়ায় বিবেচনায় আসে কে বেশি গোল করেছে, সেই হিসেবে গত রাউন্ডে শীর্ষে ওঠে সিটি।
তাই আর্সেনাল যদি বাকি চার ম্যাচ জিততে পারে, তাহলে ২০০৩-০৪ মৌসুমের পর ক্লাবটির প্রথম লিগ শিরোপা জয়ের সম্ভাবনা থাকবে।
দলটি তাদের বাকি চার ম্যাচের দুটি খেলবে ঘরের মাঠে- ফুলহ্যাম ও বার্নলির বিপক্ষে এবং বাকি দুটি ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।
কঠিন চ্যালেঞ্জে দারুণ রোমাঞ্চ অনুভব করছেন ২৭ বছর বয়সী মিডফিল্ডার রাইস।
“সময়টা রোমাঞ্চকর। এখনও লড়াইয়ের অনেক বাকি আছে।”