১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাস্তোনিকে চায় বার্সেলোনা, ইন্টার মিলানের না

সেরি আর চ্যাম্পিয়নরা স্পষ্ট বাক্যে জানিয়ে দিল, বাস্তোনি বিক্রির জন্য নয়।

বাস্তোনিকে চায় বার্সেলোনা, ইন্টার মিলানের না
আলেস্সান্দ্রো বাস্তোনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 08:59 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

রক্ষণে শক্তি বাড়াতে একজন সেন্টার-ব্যাক খুঁজছে বার্সেলোনা এবং তাদের প্রথম পছন্দ আলেস্সান্দ্রো বাস্তোনি- কয়েক মাস ধরে এই গুঞ্জনের বেশ ডালপালা গজিয়েছে। সেরি আর শিরোপা জয়ের পর তার দল ইন্টার মিলান স্পষ্ট বাক্যে জানিয়ে দিয়েছে, বাস্তোনি বিক্রির জন্য নয়।

সেরি আয় রোববার রাতে পার্মাকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখে শিরোপা পুনরুদ্ধার করে ইন্টার। ইতালির শীর্ষ লিগে এটা তাদের ২১তম ট্রফি, দ্বিতীয় সর্বোচ্চ।

গত মার্চে সংবাদমাধ্যমে খবর আসে, বাস্তোনিকে পেতে আগ্রহী বার্সেলোনা। পার্মা ম্যাচের পর আনন্দ-উৎসবের মাঝে হঠাৎ করেই আলোচনায় ওঠে সেই প্রসঙ্গ। উত্তরে ইন্টারের ক্রীড়া পরিচালক জানালেন, ২৭ বছর বয়সী এই ইতালিয়ানকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবে তারা।

“আমি আবারও বলছি, আমরা বাস্তোনিকে ধরে রাখতে চাই। তাকে দলে পেয়ে আমরা খুশি। তার জন্য প্রস্তুাব পেতে ইন্টার নিজে থেকে কোনো ক্লাবের সঙ্গে যোগাযোগ করবে না, এটা নিশ্চিত। ইন্টার ও ইতালির জন্য সে অনেক বড় সম্পদ এবং আমরা তাকে ধরে রাখতে চাই।”

“আমি আবারও বলছি, তার জন্য কোনো ফোন আসেনি এবং নিশ্চিতভাবে আমরাও তার জন্য কোনো ফোন করব না।”

ইন্টারের প্রধান নির্বাহী জুজেপ্পে মারোত্তা অবশ্য অত রাখঢাক করলেন না।

“আমি অস্বীকার করব না যে বাস্তোনির প্রতি আগ্রহী বার্সেলোনা, তবে এখনও বিষয়টা তেমন জোরাল কিছু নয়।”

“সবসময় আমরা যেমনটা বলি, একজন খেলোয়াড় তখনই যাবে, যখন সে নিজে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। এই মুহূর্তে সে আমাদের খেলোয়াড়, সে থাকতে চাই এবং আমরা তাকে নিয়ে খুশি।”

২০১৭ সালে আতালান্তা থেকে ইন্টার মিলানে যোগ দিয়ে দলটির হয়ে ২৯৬টি ম্যাচ খেলেছেন বাস্তোনি।