Published : 23 Jul 2026, 10:05 PM
বিশ্বকাপ ফাইনালে ফেররান তরেসের গোলের পর, রবের্ত লেভানদোফস্কির উচ্ছ্বাস ধরা পড়েছিল টিভি ক্যামেরায়। এবার তার কণ্ঠেও সেটির ছোঁয়া। স্পেনের বিশ্বকাপ জয় খুব উপভোগ করেছেন পোলিশ তারকা। কেন তিনি স্প্যানিশদের সমর্থন করেছেন, সেটাও জানালেন বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার।
নিউ জার্সিতে গত রোববারের ফাইনালে আর্জেন্টিনাকে কোনো পাত্তা না দিয়ে ১-০ গোলের জয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের উল্লাসে মাতে স্পেন।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে জয় পাওয়ায় সাবেক-বর্তমান ফুটবলারদের প্রশংসায় ভাসছে লুইস দে লা ফুয়েন্তের দল।
শিরোপা জয়ী স্পেন দলে ছিলেন বার্সেলোনার আট ফুটবলার, যাদের সঙ্গে গত মৌসুম পর্যন্ত খেলেছেন লেভানদোফস্কি। এই ক্লাবের কিংবদন্তি আবার আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
ইএসপিএন ব্রাজিলের সঙ্গে আলাপে মেসির আর্জেন্টিনাকে রেখে ফাইনালে স্পেনকে সমর্থন করার কারণ তুলে ধরলেন ৩৭ বছর বয়সী লেভানদোফস্কি।
“স্পেনকে সমর্থন করেছিলাম, কারণ আমি বার্সেলোনায় বেশ কয়েক বছর কাটিয়েছি এবং সেখানে আমার অনেক বন্ধু আছে, তাই আমি তাদের অনেক সমর্থন করেছি। আর্জেন্টিনার আমি শুধু মেসিকে সমর্থন করেছি, কিন্তু সে ইতোমধ্যেই গত বিশ্বকাপ জিতেছে এবং সে কারণেই আমি চেয়েছিলাম স্পেন জিতুক। তারা বেশ তরুণ দল এবং এখনও আরেকটি বিশ্বকাপ জিততে পারে। ফুটবল ও স্পেনের জয় উপভোগ করেছি।”
বিশ্বকাপে বার্সেলোনা উইঙ্গার লামিন ইয়ামালের পারফরম্যান্স নিয়েও বললেন মেজর লিগ সকারে পাড়ি জমানো লেভানদোফস্কি।
“সে তার সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি, কিন্তু তার জন্য পরিস্থিতি খুব কঠিন ছিল। সে এমন একটি চোট থেকে ফিরেছিল, যা তাকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে রেখেছিল। এরপর সে খুব বেশি অনুশীলন করতে পারেনি, কারণ তিন দিন পর পর ম্যাচ ছিল। তবে, স্পেনের ভালো দিক হলো, তারা লামিনকে জিততে সাহায্য করেছে এবং সেও দলকে সাহায্য করেছে।”