১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্যানার প্রদর্শন: নিজেদের অবস্থান পরিষ্কার করার সুযোগ পেল আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ‍্যাসোসিয়েশনের বক্তব‍্য শোনার পর যথাসময়ে সিদ্ধান্ত জানাবে ফিফার সংশ্লিষ্ট কমিটি।

ব্যানার প্রদর্শন: নিজেদের অবস্থান পরিষ্কার করার সুযোগ পেল আর্জেন্টিনা
লাস মালভিনাস সন আর্জেন্টিনাস লেখা ব‍্যানার হাতে আর্জেন্টিনার খেলোয়াড়রা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 12:22 AM

Updated : 11 Sep 2026, 03:45 PM

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর সার্বভৌমত্ব দাবি করে একটি ব্যানার প্রদর্শনসহ বিশ্বকাপে বেশ কিছু নিয়ম ভাঙার অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও ফুটবলারদের বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ফিফা।

এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা- ফিফা বলেছে, নিজেদের অবস্থান পরিষ্কার করার সুযোগ পেয়েছে এএফএ। তাদের বক্তব‍্য শোনার পর সিদ্ধান্ত জানাবে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।

ইংল‍্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে ২-১ ব‍্যবধানে জয়ের পর আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় একটি ব্যানার হাতে নিয়ে দাঁড়ায়, যেখানে লেখা ছিল ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’, যার অর্থ ‘ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জকে ব্রিটিশরা ‘ফকল্যান্ডস’ এবং আর্জেন্টাইনরা ‘মালভিনাস’ নামে চেনে। যেটির সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশ একটি সংক্ষিপ্ত যুদ্ধে জড়ায়, যেখানে ৬৪৯ জন আর্জেন্টাইন সৈন্য এবং ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হন। শেষ পর্যন্ত ব্রিটেন এই যুদ্ধে জয়ী হয়।

ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক কোনো ব্যানার, পতাকা, লিফলেট, পোশাক কিংবা অন্যান্য সামগ্রী প্রদর্শন নিষিদ্ধ।

২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে খেলোয়াড়রা একই বার্তা লেখা একটি ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা।

এর বাইরে আর্জেন্টিনার বিরুদ্ধে বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, দেরিতে খেলা শুরু করা, নিরাপত্তা প্রটোকল বজায় রাখায় ব্যর্থতা, দল ও দর্শকদের অনুপযুক্ত বার্তা এবং আসরে কয়েকটি ম্যাচে ভক্তদের দ্বারা মাঠে বস্তু ছুঁড়ে মারার অভিযোগ রয়েছে। 

স্পেনের বিপক্ষে ফাইনালে ১-০ ব‍্যবধানে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভাঙে আর্জেন্টিনার। ম‍্যাচ শেষে স্পেনের কয়েকজন ফুটবলারের সঙ্গে আর্জেন্টিনার ফুটবলার ও কোচদের মারামারির ঘটনায় শাস্তিমূলক তদন্ত চালাচ্ছে ফিফা। 

ম্যাচ শেষে স্পেনের এরিক গার্সিয়া ও গাভিকে আক্রমণ করেন আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেস। এছাড়া নাউয়েল মলিনাকেও দেখা যায় সেখানে সংঘর্ষে জড়াতে। চড়াও হন তিনি রদ্রির ওপরও। এমনকি আর্জেন্টিনার সহকারী কোচ ও সাবেক অধিনায়ক রবের্তো আয়ালাকে দেখা যায় দানি ওলমোকে আঘাত করতে।

পারেদেস, মলিনা ও আয়ালার পাশাপাশি আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও স্পেনের গাভির বিরুদ্ধে চলছে তদন্তে।