Published : 03 Feb 2026, 10:17 AM
নতুন চুক্তি নিয়ে মতবিরোধের খবর ভেসে আসছিল বেশ কদিন ধরেই। সেই গুঞ্জনের পালে হাওয়া জোগায় টানা দুই ম্যাচে অনুপস্থিতি। সবকিছুকেই সত্যি প্রমাণ করে আল-ইত্তিহাদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেললেন কারিম বেনজেমা। ফরাসি তারকা পাড়ি জমালেন এতদিনের প্রবল প্রতিদ্বন্দ্বী আল-হিলালে।
ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে চূড়ান্ত হয় এই দলবদল। আল-হিলাল সোমবার রাতে সামাজিক মাধ্যমে জানায়, ‘কারিম বেনজেমা এখন আনুষ্ঠনিকভাবে হিলালি।’ পরে ক্লাবটি বিবৃতিতে জানায়, ফ্রি ট্রান্সফারে দেড় বছরের চুক্তিতে বেনজেমাকে দলে নিয়েছে তারা।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর, আল-ইত্তিহাদের নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে বেনজেমা বেছে নিলেন এতদিনের প্রবল প্রতিদ্বন্দ্বী আল-হিলালকে।
রেয়াল মাদ্রিদে ১৪ বছরে ২৫ ট্রফি জিতে ২০২৩ সালে আল-ইত্তিহাদে পাড়ি জমান বেনজেমা। সেখানে যথেষ্টই সফল ছিলেন তিনি। গত মৌসমে লিগ শিরোপার পাশাপাশি কিংস কাপ জিতে নেয় ক্লাবটি, তাদের ইতিহাসে যা প্রথম ঘরোয়া ডাবল। অধিনায়ক বেনজেমা সেই সাফল্যে নেতৃত্ব দেন সামনে থেকেই। চলতি মৌসুমেও বেশ ভালো ফর্মে আছেন তিনি; সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে গোল করেছেন ১৬টি।
তবে ক্লাবের সঙ্গে তার ঝামেলার সূত্রপাত চুক্তির নবায়ন ঘিরে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, আর্থিক কিছু শর্ত, বিশেষ করে ইমেজ রাইটসে দুই পক্ষের বনিবনা হয়নি, যেটাকে অসম্মানজক মনে হয়েছে ৩৮ বছর বয়সী তারকার কাছে। এরপরই চুক্তির বাকিটুকু বাতিল করে তিনি যোগ দিলেন নতুন ঠিকানায়।
বিদায় বেলায় অবশ্য বললেন, এই ক্লাব তার কাছে আলাদা জায়গা নিয়েই থাকবে।
“আল ইত্তিহাদ, এই অধ্যায়ের সমাপ্তি, তবে সম্মান ও কৃতজ্ঞতা থাকবে সবসময়ই। এই পথচলা আমাকে অনেক কিছুই দিয়েছে, ব্যক্তিগতভাবে যেমন, তেমনি পেশাদার দিক থেকেও। এই জার্সি গায়ে চাপানোর গর্ব এবং যা কিছু আমরা একসঙ্গে করেছি, সবকিছু নিয়ে মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি আমি।”
লিগ শিরোপা ধরে রাখার লড়াই থেকে এবার অনেকটাই ছিটকে পড়েছে আল-ইত্তিহাদ। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তারা আছে ছয় নম্বরে। ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বেনজেমার নতুন ক্লাব আল-হিলাল। এক পয়েন্ট পেছনে থেকে দুইয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর আল-নাস্র।
২১টি লিগ শিরোপা ও ৪টি এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে সৌদি আরবের সফলতম ক্লাব আল-হিলাল। :