১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লিভারপুলের খেলোয়াড়দের ছুটি নিয়ে প্রশ্ন ওঠায় বিরক্ত অধিনায়ক

প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখতে ব‍্যর্থতায় অতিরিক্ত ছুটির কোনো প্রভাব থাকার অভিযোগ উড়িয়ে দিলেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

লিভারপুলের খেলোয়াড়দের ছুটি নিয়ে প্রশ্ন ওঠায় বিরক্ত অধিনায়ক
লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 10:49 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে ম‍্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের হারে ভীষণ হতাশ ভার্জিল ফন ডাইক। এর মধ‍্যে শুনতে হচ্ছে সমালোচনা। বলা হচ্ছে, অতিরিক্ত ছুটির প্রভাব আছে ওই হার এবং এবার শিরোপা ধরে রাখতে না পারায়। এতে খুবই বিরক্ত লিভারপুল অধিনায়ক। 

ওল্ড ট্র‍্যাফোর্ডে রোববার ৩-২ গোলে হারে গত আসরের চ‍্যাম্পিয়নরা। এতে চার নম্বরে আছে দলটি এবং আগামী আসরে চ‍্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে। 

নিজের প্রথম মৌসুমে এসে শিরোপা জেতেন লিভারপুল কোচ আর্না স্লট। তবে দ্বিতীয় মৌসুমে দলের ব‍্যর্থতায় তার ভবিষ‍্যৎ নিয়ে কথা উঠতে শুরু করেছে। 

চোটের জন‍্য মোহামেদ সালাহ, উগো একিটিকে, আলেকসান্দার ইসাকদের পাচ্ছে না লিভারপুল। চোটের জন‍্য ইউনাইটেডের বিপক্ষে দলটি পায়নি দুই জন গোলরক্ষককেও। তবে এসবকে কোনো অজুহাত হিসেবে দেখাতে রাজি নন ফন ডাইক। 

ইউনাইটেড ম‍্যাচের আগে লিভারপুলের কয়েকজন খেলোয়াড়ের ঘুরে বেড়ানোর ছবি দেখা গেছে। হারের পর দলটির অতিরিক্ত ছুটি নিয়ে চলছে চর্চা। এতে বিরক্তি ফুটল লিভারপুল অধিনায়কের কণ্ঠে।

“এটা ছুটি কিনা আমি নিশ্চিত নই, এটা নগরভ্রমণ। আমি মনে করি, আপনি যখন অনেকদিন ছুটি পান না, তখন একদিন ছুটি পেলে, আপনি ঠিক করবেন পরিবারকে নিয়ে কী করবেন। আমরা শিশু নই, সবাই প্রাপ্তবয়ষ্ক।”

কেউ কেউ মনে করেন, অতিরিক্ত ছুটির জন‍্য ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেনি লিভারপুল। এ ব‍্যাপারটি স্রেফ উড়িয়ে দিলেন ফন ডাইক।

“সত‍্যি? কখনও কখনও আমার মনে হয়, যদি আরেকটি বেশি দিন ছুটি পেতাম। আমি মনে করি, এটা দুই দিকেই কাজ করে। আপনারা দেখছেন, পেপ গুয়ার্দিওলা (ম‍্যানচেস্টার সিটি) খেলোয়াড়দের তিন দিন ছুটি দিয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, গত সপ্তাহে টানা তিন দিন ছুটি দিয়েছেন আর তারা খুব ভালো করছেন। এটা সঠিক ভারসাম‍্যের ব‍্যাপার।”