১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুন্দে ও বাল্দেকে হারাল বার্সেলোনা

স্প‍্যানিশ গণমাধ‍্যমের খবর অনুযায়ী, চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন জুল কুন্দে, আর পাঁচ থেকে ছয় সপ্তাহ আলেহান্দ্রো বাল্দে।

কুন্দে ও বাল্দেকে হারাল বার্সেলোনা
ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 05:07 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

কোপা দেল রে থেকে বিদায়ের রাতে স্কোয়াডেও জোড়া ধাক্কা খেল বার্সেলোনা। চোটের জন‍্য ছিটকে গেলেন দুই ফুল ব‍্যাক জুল কুন্দে ও আলেহান্দ্রো বাল্দে।

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পরও, কোপা দেল রে থেকে ছিটকে পড়ে বার্সেলোনা। কারণ সেমি-ফাইনালের প্রথম লেগে মাদ্রিদের দলটির মাঠে ৪-০ গোলে হেরেছিল হান্সি ফ্লিকের দল, দুই লেগ মিলিয়ে তারা পিছিয়ে পড়ল ৪-৩ ব্যবধানে। 

ত্রয়োদশ মিনিটে মাঠে ছেড়ে যান ফরাসি ডিফেন্ডার কুন্দে। তার জায়গায় নামা বাল্দেও ম‍্যাচ শেষ করতে পারেননি। ৭১তম মিনিটে মাঠ ছাড়েন এই স্প‍্যানিশ ডিফেন্ডার। বাকি সময় তার জায়গায় খেলেন রোনাল্দ আরাউহো।

দুই ডিফেন্ডারের চোট নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি বার্সেলোনা। স্প‍্যানিশ গণমাধ‍্যমের খবর, দুজনেরই চোট বাম হ‍্যামস্ট্রিংয়ে। 

আগেও একই জায়গায় চোট পেয়েছিলেন বাল্দে। পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। মাঝ এপ্রিলে ফিরতে পারেন তিনি। 

কুন্দে অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে পারেন। আন্তর্জাতিক বিরতির আগে তার খেলার সম্ভাবনা নেই। তাতে চ‍্যাম্পিয়ন্স লিগে নিউক‍্যাসল ইউনাইটেড এবং লা লিগায় আথলেতিক বিলবাও, রায়ো ভাইয়েকানো ও সেভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। 

এই ম‍্যাচগুলোর পাশাপাশি লিগে আতলেতিকো মাদ্রিদ ও এস্পানিওল ম‍্যাচও মিস করতে পারেন বাল্দে। 

চোটের জন‍্য আগে থেকে বাইরে আছেন রবের্ত লেভানদোভস্কি, ফ্রেংকি ডি ইয়ং, গাভি ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।