Published : 25 Aug 2026, 11:14 AM
রোমাঞ্চকর জয়ে লিগ শুরুর পর দারুণ খুশি শাবি আলোন্সো। বিশেষ করে, আক্রমণভাগের ত্রয়ীর পারফরম্যান্সে তিনি উচ্ছ্বসিত। সেখানে আলাদা করে বললেন কোল পামারের কথা। চেলসি কোচের মতে, পামার দায়িত্ব নিয়ে খেললে গোটা দল আরও বেশি উজ্জীবিত হয়ে ওঠে।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার মুখোমুখি হয়েছিল এমন দুটি দল, যাদের কোচ গত মৌসুমে একসঙ্গে কাজ করেছেন রেয়াল মাদ্রিদে। প্রিমিয়ার লিগে দুই কোচেরই আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এই ম্যাচ দিয়ে। দারুণ উত্তেজনা ছড়ানো জমজমাট ম্যাচে আলভারো আরবেলোয়ার ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়ে লিগ শুরু করল আলোন্সোর চেলসি।
ফুলহ্যামের মাঠে ম্যাচের শুরুটাই দুর্দান্ত করে চেলসি। ৩১ সেকেন্ডেই গোল পেয়ে যায় তারা। পামারের পাস থেকে বল জালে পাঠান জুয়াও পেদ্রো। ২৩তম মিনিটে জশ কিং সমতায় ফেরান ফুলহ্যামকে। ৪১তম মিনিটে চেলসিকে আবার এগিয়ে দেন রেকর্ড ট্রান্সফার ফিতে দলে আসা মর্গ্যান রজার্স।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যধান বাড়ায় চেলসি। পেদ্রোর পাস থেকে গোলের দেখা পান পামার। তবে মিনিট পাঁচেক পরই গোল করে ফুলহ্যামকে লড়াইয়ে ফেরান রেয়াল মাদ্রিদ থেকে আসা গন্সালো গার্সিয়া। ম্যাচের বাকি সময়ে লড়াই দারুণ জমে উঠলেও গোল আর হয়নি।
জয় দিয়ে শুরু করতে পারা যে কোনো কোচের জন্যই স্বস্তির। আলোন্সো তৃপ্তি পাচ্ছেন পামার-রজার্স-পেদ্রোর পারফরম্যান্সে। চেলসি কোচ স্পষ্ট করেই বললেন, তার পরিকল্পনার বড় অংশজুড়ে থাকবে এই ত্রয়ী।
“তাদেরকে ঘিরে দল গড়ে তোলা এবং তাদের নিয়ে দল গঠন করা আমাদের পরিকল্পনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে।
তাদেরকে দায়িত্ব নিতে হবে। বাকিদের নেতৃত্বও দিতে হবে তাদেরকেই। বাকিদের অনুপ্রাণিত করতে হবে, কারণ তারা যদি দুর্দান্ত খেলে, তবে অন্যরাও তাদের অনুসরণ করবে।”
তিজনের মধ্যে এই ক্লাবে অভিজ্ঞতা, তারকা খ্যাতি, ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্য, সবকিছুতেই এগিয়ে পামার। গত মৌসমে তাকে বারবার হোঁচট খেতে হয়েছে চোটের কারণে। তবে নতুন মৌসুম শুরুর ম্যাচেই দেখা গেছে তাকে দেখা গেছে সেই চেনা রূপে। দুর্দান্ত খেলে তিনি বারবার হুমকি হয়ে উঠেছেন প্রতিপক্ষের জন্য। তার পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত চেলসির সমর্থকরা আবার সেই ‘কোল পামার’ গানটি গাইতে থাকে গলা ফাটিয়ে।
আলোন্সোও অকপটে জানিয়ে দিলেন, অনেক দিক থেকেই তিনি ভরসা রাখছেন ২৪ বছর বয়সী তারকার ওপর, আশার পরিধিও অনেক বড়।
“কোলের জন্য আমি খুব খুশি। এই গতিশীলতা, এই স্বাধীনতা, এই দায়িত্ববোধ নিয়ে তাকে খেলতে দেখে সত্যিই উপভোগ করেছি। সে দলকে সাহায্য করছে, নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছে এবং দলের জন্য এটাই প্রয়োজন।
যদি কোল এমনটা অনুভব করে, তাহলে আমরা আরও ভালো একটি দল, আরও ভালো একটি চেলসি পাব।”