সিঙ্গাপুর ম্যাচের আগে ক্যাম্প শুরু ২০ মার্চ
এশিয়ান কাপ বাছাইয়ে শেষ ম্যাচের আগে একটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্তও নিয়েছে ন্যাশনাল টিমস কমিটি।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের শেষটা অন্তত ভালো করার লক্ষ্যে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য আগামী ২০ মার্চ ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি।
বাছাই উতরানোর চাওয়া পূরণ হয়নি বাংলাদেশের। পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দল। এই পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই।
আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের মাঠে খেলবে বাংলাদেশ। এর আগে একটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্তও হয়েছে বলে শনিবার ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে জানালেন কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু।
প্রীতি ম্যাচটি ঘরের মাঠে আয়োজনের ভাবনা বাফুফের। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা নিয়ে কাজ শুরুর কথাও জানিয়েছেন বাবু।
“আমাদের ইচ্ছা আছে, প্রীতি ম্যাচটি আমরা ঘরের মাঠে খেলব। ম্যাচটি আমরা সিলেট স্টেডিয়ামে খেলব এবং সিলেট স্টেডিয়ামের উদ্বোধনটা আমরা ওইভাবে করব। এই পরিকল্পনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।”
