এমবাপেকে নিয়ে সুসংবাদ দিলেন রেয়াল কোচ
বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে দলের সঙ্গে যোগ দেবেন ফরাসি তারকা।
সমর্থকদের জন্য বড় একটি সুখবর দিয়েছেন শাবি আলোন্সো। রেয়াল মাদ্রিদ কোচ নিশ্চিত করেছেন, বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের আগে দলের সঙ্গে যোগ দেবেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।
তবে ফাইনালে খেলবেন কিনা এমবাপে, সেটা পরিষ্কার করেননি রেয়াল মাদ্রিদ কোচ।
অনেকদিন ধরেই বাম হাঁটু ভোগাচ্ছে এমবাপেকে। গত বছরের শেষ দিকে সমস্যা বেড়েছে আরও। রেয়াল বেতিসের বিপক্ষে তাই নতুন বছরে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। একই সমস্যায় গত ১০ ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষেও খেলেননি তিনি।
সৌদি আরবের জেদ্দায় বৃহস্পতিবার স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জেতে রেয়াল। এই ম্যাচের দলে ছিলেন না এমবাপে। ফাইনালে তাকে যোগ করে কিনা রেয়াল, সেটাই এখন দেখার।
হাঁটুর ওই সমস্যা কাটিয়ে উঠেছেন এমবাপে। নগর প্রতিদ্বন্দ্বীদের হারানো পর শাবি জানান, শুক্রবারই দলের সঙ্গে যোগ দেবেন ২৭ বছর বয়সী ফুটবলার।
“আগামীকাল (শুক্রবার) কিলিয়ান এখানে আসবে। সে আগের চেয়ে ভালো আছে, অনুশীলন করছে। সে ভালো অনুভব করছে।”
২০২৪ সালের গ্রীষ্মে রেয়ালে যোগ দেওয়ার পর দলটির ৯৪ ম্যাচের কেবল ১১টিতে খেলতে পারেননি এমবাপে। চলতি মৌসুমে তিনি করেছেন ২৯ গোল। ক্লাব বিশ্বকাপ ছাড়া আর কখনও তিনি টানা দুটি ম্যাচ বাইরে থাকেননি।
রেয়ালের হয়ে গত বছর সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপে করেন ৫৯ গোল, স্পর্শ করেন এক পঞ্জিকাবর্ষে ইউরোপের সফলতম ক্লাবের হয়ে ক্রিস্তিয়ানো রোনালদো সর্বোচ্চ গোলের রেকর্ড। বড় দিনের ছুটির পর এখনও মাঠে ফিরতে পারেননি তিনি।
আগামী রোববার সৌদি আরবের জেদ্দায় শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ও শিরোপাধারী বার্সেলোনার মুখোমুখি হবে রেয়াল।
