১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাইব্রেকারের জন‍্য এবার প্রস্তুত স্পেন?

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বললেন, তার দল যে কোনো পরিস্থিতির জন‍্য প্রস্তুত।

টাইব্রেকারের জন‍্য এবার প্রস্তুত স্পেন?
অনুশীলনে স্পেন দলের ফুটবলাররা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 03:27 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

বিস্ময়কর হলেও সত‍্যি, ২০১০ আসরে শিরোপা জয়ের পর এখন পর্যন্ত বিশ্বকাপে নকআউট পর্বে আর কোনো ম‍্যাচ জিততে পারেনি স্পেন। এবার দলকে কক্ষপথে ফেরাতে আত্মবিশ্বাসী লুইস দে লা ফুয়েন্তে। অভিজ্ঞ কোচ বললেন, লক্ষ‍্য পূরণের জন‍্য তারা যে কোনো পরিস্থিতির জন‍্য তৈরি। 

শেষ বত্রিশে বৃহস্পতিবার রাত ১টায় লস অ‍্যাঞ্জেলসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন। 

নকআউট পর্বে প্রস্তুতির একটা বড় অংশ জুড়ে থাকে টাইব্রেকার। গত আসরে ওই সময়ের স্পেন কোচ লুইস এনরিকে বলেছিলেন, হাজার শট নিয়ে পেনাল্টি শুটআউটের জন‍্য তৈরি তার দল। কিন্তু শেষ ষোলোয় মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে ৩-০ ব‍্যবধানে হেরে যায় স্পেন। 

দলের হয়ে শট নেওয়া পাবলো সারাবিয়া, কার্লোস সলের ও সের্হিও বুসকেতসের কেউই জালের দেখা পাননি। সেই অভিজ্ঞতা থেকে এবার কতটা তৈরি স্পেন। দে লা ফুয়েন্তের সংবাদ সম্মেলনে উঠল এই প্রশ্ন।

“আমরা সব কিছুর অনুশীলন করি। আজ, গতকাল… প্রতিপক্ষ সম্পর্কে আমাদের যে জানাশোনা এর ভিত্তিতে আমরা সম্ভাব‍্য সব পরিস্থিতি নিয়ে কাজ করার চেষ্টা করি। আমাদের হয়তো শট নেওয়ার জন‍্য আদর্শ খেলোয়াড়দের একটা তালিকা থাকতে পারে। কিন্তু সে সময় তারা মাঠে নাও থাকতে পারে। আমরা দেখব কী ঘটে।”

টাইব্রেকারকে বেশ গুরুত্ব দিচ্ছেন দে লা ফুয়েন্তে। খেলোয়াড়দের যতটা সম্ভব এই প্রবল স্নায়ু চাপ সামলাতে পারার মতো করে তৈরি করার চেষ্টা করছেন স্পেন কোচ।

“পেনাল্টিতে শট নেওয়া খুব গুরুত্বপূর্ণ একটি ব‍্যাপার। সবাই শট নিতে পারে না। মনস্তাত্ত্বিক দিকটাও খুব গুরুত্বপূর্ণ। একেক জনের অভিজ্ঞ একেকরকম। সবাইকেই বলি এমনভাবে অনুশীলন করতে যেন, সে ম‍্যাচে শট নিচ্ছে।”