এজে ও মাদুয়েকের গোলে আর্সেনালের জয়
মৌসুমে চারটি প্রতিযোগিতাতেই শিরোপার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে মিকেল আর্তেতার দল।
প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে গেলেও, প্রতিপক্ষ ঘুরে দাঁড়ানোয় চ্যালেঞ্জের মুখে পড়ে আর্সেনাল। তবে বদলি নামার চার মিনিট পরই জয়সূচক গোলে দলের মুখে হাসি ফোটান এবেরেচি এজে।
এফএ কাপের পঞ্চম রাউন্ডে শনিবার ম্যান্সফিল্ড টাউনকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল।
ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের দলটির মাঠে প্রথমে ননি মাদুয়েকের নৈপুণ্যে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলটি শোধ করে দেন উইল ইভান্স। পরে আরেকটি দারুণ গোলে ব্যবধান গড়ে দেন এজে।
প্রথমার্ধের শেষ দিকে প্রথম গোলের দেখা পায় আর্সেনাল। ডি-বক্সে ঢুকেই সতীর্থের পাস পেয়ে, প্রথম ছোঁয়ায় জোরাল শটে ক্রসবার ঘেঁষে বল জালে পাঠান ইংলিশ উইঙ্গার মাদুয়েকে।
বেশিক্ষণ অবশ্য এগিয়ে থাকতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নেমে পাঁচ মিনিটের মধ্যে সমতা টানেন উইল ইভান্স। মাঝমাঠে সতীর্থের থ্রু বল ধরে, একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ওয়েলস ফরোয়ার্ড।
৬৪তম মিনিটে গাব্রিয়েল জেসুসের স্লাইড শট গোললাইনে প্রতিহত হয়। এর দুই মিনিট পরেই ডি-বক্সের মুখে দুইজনের বাধা সামলে জোরাল শটে আর্সেনালকে আবার এগিয়ে নেন এবেরেচি এজে। চার মিনিট আগে কাই হাভার্টজের বদলি নামেন এই ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার।
আরেকটি গোলের আশায় শেষ মিনিট পর্যন্ত সমানতালে লড়াই করে ম্যান্সফিল্ড টাউন। কিন্তু, আরও কয়েকবার ভীতি ছড়ালেও জালের দেখা আর পায়নি তারা।
মৌসুমে চার শিরোপা জয়ের ভীষণ কঠিন লক্ষ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর্সেনাল।
প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয় স্থান থেকে ৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে মিকেল আর্তেতার দল। পরের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে তারা খেলবে বায়ার লেভারকুজেনের বিপক্ষে, আগামী বুধবার।
