১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেরা চেহারার রেয়াল মাদ্রিদের জন‍্য প্রস্তুত বায়ার্ন

প্রথম লেগের চেয়েও ভালো ফুটবল নিজেদের মাঠে খেলার কথা বললেন বায়ার্ন মিউনিখ কোচ ভেসোঁ কম্পানি।

সেরা চেহারার রেয়াল মাদ্রিদের জন‍্য প্রস্তুত বায়ার্ন
ভেসোঁ কম্পানি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 08:22 AM

Updated : 26 Aug 2026, 03:25 PM

লম্বা সময়ের গেরো এবার কাটানোর দারুণ সুযোগ বায়ার্ন মিউনিখের সামনে। বারবার প্লে-অফে যারা বিদায় করেছে, সেই রেয়াল মাদ্রিদের বিপক্ষে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ জার্মান চ‍্যাম্পিয়নদের সামনে। লক্ষ‍্য পূরণে সেরা চেহারার প্রতিপক্ষের জন‍্য প্রস্তুত থাকার কথা বললেন বায়ার্ন কোচ ভেসোঁ কম্পানি।

চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বুধবার রেয়ালের বিপক্ষে খেলবে বায়ার্ন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। 

প্রথম লেগে ২-১ গোলের জয়ে সম্ভাবনায় এগিয়ে বায়ার্ন। তবে, কোনো কিছুকেই নিশ্চিত ধরে নিচ্ছেন না দলটির বেলজিয়ান কোচ। লড়াইয়ে নামার আগের দিন সংবাদ সম্মেলনে আসছে ম্যাচও জিতে সেমি-ফাইনালে ওঠার লক্ষ্য কম্পানির। 

“আমরা সেরা চেহারার রেয়াল মাদ্রিদের জন‍্য তৈরি। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে যদিও দলটির সত‍্যিকারের শক্তির প্রতিফলন নেই। তারা বিশ্বের সেরা দলের একটি, এটাই সত‍্যি।”

“বার্সেলোনা, লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, পিএসজি, আর্সেনাল… আপনি যদি এদের দিকেও তাকান, প্রত‍্যেকেরই নিজেদের অতীতের পারফরম‍্যান্স নিয়ে বলার মতো অনেক গল্প পাবেন। সাম্প্রতিক সময়ে আমরা ওদের বিপক্ষে হেরেছি। তবে আগামীকাল কীভাবে তাদের হারানো যায়, সেদিকে মনোযোগ দিচ্ছি। এর বাইরে অতীতের কোনো কিছু নিয়ে ভাবতে চাই না। আমি বিশ্বাস করি, আমরা জিততে পারি, এরপর আপনারা যা ইচ্ছা লিখতে পারবেন।”

ঘরের মাঠে গত এক দশকে রেয়ালের বিপক্ষে চারবার খেলে একবারও জিততে পারেনি বায়ার্ন, তিন ম্যাচেই হেরেছে তারা, একটি ড্র। একইভাবে মাদ্রিদের দলটির মাঠেও তাদের এই সময়ের পরিসংখ্যান ভালো ছিল না, গত সপ্তাহে সেই হতাশায় প্রলেপ দিয়েছে তারা। 

লম্বা সময় পর রেয়ালের মাঠে জয় পেলেও অবশ্য কাজ শেষ হয়নি। সেমি-ফাইনালে জায়গা নিশ্চিত করতে বাকিটা সারতে হবে আলিয়াঞ্জ অ‍্যারেনায়। কম্পনির পূর্ণ মনোযোগ সেদিকে।

“বের্নাবেউয়ে জয় আপনাকে আত্মবিশ্বাস যোগাবে। তবে এখন আলিয়াঞ্জ অ‍্যারেনায় প্রমাণ করতে হবে যে, আপনি ওই ম‍্যাচের চেয়েও ভালো খেলতে পারেন। তাদের যে মান, যে গতি… তারা খুব বিপজ্জনক হতে পারে। তবে আমি মনে করি, আমাদের নিজেদের দিকে মনোযোগ দিতে হবে যে, আমরা কীভাবে সমাধান বের করতে পারি।”