Published : 10 May 2026, 04:24 PM
সাম্প্রতিক সময়ের কিছু খবরে বার্সেলোনায় রাফিনিয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা জেগেছে। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অবশ্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ক্লাব যদি চায়, তাহলে এখনই নতুন চুক্তির বিষয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি।
কাম্প নউয়ে রাফিনিয়ার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত। তবুও এখানে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরুর কারণ ভিন্ন। স্কোয়াড পুনর্গঠনে অর্থের প্রয়োজন আর সেটার জোগান দিতে এবারের গ্রীষ্মেই রাফিনিয়াকে বিক্রি করে দিতে পারে বার্সেলোনা- বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে এমন খবর।
রাফিনিয়া যদিও সেসব গুঞ্জনে তেমন একটা কান দিচ্ছেন না।
লা লিগা শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে রোববার ঘরের মাঠে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। কাম্প নউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
ক্লাসিকোটি সামনে রেখে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে রাফিনিয়া জানিয়ে দিলেন নিজের মনের কথা।
“আমি আরও অনেক বছর এখানে নিজেকে দেখি। ২০২৮ পর্যন্ত এখানে আমার চুক্তি আছে এবং ক্লাব যদি আমার সঙ্গে কথা বলতে চায়, আমি প্রস্তুত।”
চলতি মৌসুমে চোট বেশ ভুগিয়েছে রাফিনিয়াকে। তারপরও, সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচ খেলে ১৯টি গোল ও আটটি অ্যাসিস্ট করেছেন ২৯ বছর বয়সী এই তারকা।
চার রাউন্ড বাকি থাকতে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে বার্সেলোনা এগিয়ে আছে ১১ পয়েন্টে। ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।
ক্লাসিকোয় হার এড়াতে পারলেই প্রতিযোগিতাটিতে ২৯তম শিরোপা জিতবে বার্সেলোনা।