‘শরীরে ব্যথা’ নিয়েই উরুগুয়ে ম্যাচ খেলতে চান ওইয়ারসাবাল
সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচে দর্শক হয়ে থাকতে চান না স্পেনের এই ফরোয়ার্ড।
সৌদি আরবের জালে জোড়া গোল করলেন, লামিন ইয়ামালের গোলে অবদান রাখলেন, দাপুটে জয় পেল স্পেনও। কিন্তু মিকেল ওইয়ারসাবাল মাঠ ছাড়লেন গায়ে ব্যথা নিয়ে। তবে, ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড বললেন, ব্যথা নিয়েই খেলতে চান উরুগুয়ের বিপক্ষে।
উত্তর আমেরিকা বিশ্বকাপে, গুয়াদালাহারায় বাংলাদেশ সময়, শনিবার সকাল ৬টায় উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে শীর্ষে আছে তারা। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি ২০১০ সালের চ্যাম্পিয়নদের জন্য হয়ে উঠেছে গ্রুপ সেরা হওয়ার লড়াই।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে দর্শক হয়ে থাকতে চান না ওইয়ারসাবাল। শরীর ব্যথার অস্বস্তিটুকু থাকলেও, রেয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ডের মনে হচ্ছে, পরিস্থিতি না খেলার মতো নয়। বিশ্বকাপের মতো আসরে এমন একটু-আধটু সমস্যা নিয়েই চলতে হবে, মেনে নিয়েই ছুটতে চান তিনি।
“যদিও শরীরে একটু ব্যথা অনুভব করছি, তবে, আমি ভালো আছি। এ ধরনের টুর্নামেন্টে সবারই একটা-দুইটা ছোটখাট সমস্যা থাকে। আমি শান্ত আছি। ভালো আছি।”
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে অবশ্য এখনও উরুগুয়ের ম্যাচে তাকে খেলাবেন কিনা, তা নিয়ে নিশ্চিত করে বলেননি কিছু। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে তাকে। অনিশ্চয়তার দিকটি মানলেও ওইয়ারসাবাল বললেন, তাকে নিয়ে শঙ্কার কিছু নেই।
“যতটুকু আমি বুঝতে পারছি, আমি খেলতে চাই। ভালো অনুভব করছি।”
সৌদি আরব ও কেপ ভার্দের সাথে ড্র করে আসা উরুগুয়ের পয়েন্ট ২।
