ইংলিশ ফুটবল
Published : 08 Jan 2025, 06:03 PM
শক্তিশালী আর্সেনালকে তাদেরই মাঠে হারিয়ে লিগ কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেছে নিউক্যাসল ইউনাইটেড; তবে এখনই তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ দেখছেন না এডি হাউ। এখনও যে লড়াইয়ের ফিরতি লেগ বাকি। তাই মাটিতেই পা রাখছেন ইংলিশ ক্লাবটির কোচ।
লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার অ্যামিরেটস স্টেডিয়ামে স্বাগতিকদের স্তব্ধ করে দেয় নিউক্যাসল। দুই অর্ধের দুই গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে তারা, গোল দুটি করেন আলেকসান্দার ইসাক ও অ্যান্টোনি গর্ডন।
ম্যাচ জুড়ে অবশ্য আধিপত্য করে আর্সেনালের। ৭০ শতাংশ বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ২৩টি শট নেয় তারা, তবে লক্ষ্যে রাখতে পারে কেবল তিনটি। আর নিউক্যাসলের সাত শটের চারটি ছিল লক্ষ্যে।
ম্যাচের ৩৭তম মিনিটে ইসাকের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ক্লাবটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোল হলো সুইডেনের এই ফরোয়ার্ডের, চলতি মৌসুমে পঞ্চদশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ উইঙ্গার গর্ডন। ক্লাবটির হয়ে এটি তার ১৯তম গোল, চলতি মৌসুমে জালের দেখা পেলেন ষষ্ঠবার।
সব প্রতিযোগিতা মিলে ১২ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল আর্সেনাল। বিপরীতে টানা সাত ম্যাচ জিতল নিউক্যাসল।
১৯৮৭-৮৮ মৌসুম থেকে এখন পর্যন্ত সেমি-ফাইনালের প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে দুই গোলে জয়ী দল প্রতিবারই খেলেছে ফাইনাল। তাই আরেকটি সুযোগ থাকলেও প্রতিযোগিতাটির তৃতীয় শিরোপা জয়ের মঞ্চে উঠতে পাহাড়ই টপকাতে হবে আর্সেনালের।
আর্সেনালকে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করলেও, শান্ত আছেন নিউক্যাসল কোচ। তার মতে, শিরোপা এখনও অনেক কাজ করতে হবে তাদের।
“ঘরের বাইরে আমাদের সাম্প্রতিক পথচলার দিকে তাকালে, এটা স্পষ্ট যে, আজকের এই জয় আমাদের আরেকটি বড় পদক্ষেপ। সত্যিকারের আত্মবিশ্বাস এবং আস্থা নিয়ে খেলেছে দল। তবে (ফাইনালে ওঠার) লড়াই এখনও শেষ হয়নি, ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। ঘরের মাঠে কঠিন এক ম্যাচ হবে আমাদের।”
আর্সেনালের বিপক্ষে প্রথমার্ধে দারুণ লড়াই করে নিউক্যাসল। দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা ক্লান্তি পেয়ে বসে তাদের। হাউ বললেন, তখন রক্ষণ সামলানোয় বেশি মনোযোগী ছিলেন তারা।
“দ্বিতীয়ার্ধে ক্লান্তি চেপে ধরেছিল। অনেক প্রাণশক্তি নিয়ে শুরু করেছিলাম; কিন্তু এরপর আমরা ক্লান্ত হয়ে পড়ি। তারপর আমাদের রক্ষণ সামলানোয় মনোযোগ দেই। আমরা জানতাম কোন জায়গায় ঝুঁকি ছিল।”
আগামী ফেব্রুয়ারির শুরুতে দ্বিতীয় লেগ নিজেদের ঘরের মাঠে খেলবে নিউক্যাসল।
২০২৩ সালেও লিগ কাপের ফাইনালে খেলেছিল হাউয়ের নিউক্যাসল। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে হেরে ১৯৫৫ সালের পর প্রথম শিরোপা জেতার স্বপ্ন ভাঙে তাদের।