১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ স্বপ্ন শেষ জিনাব্রির

একই কারণে ২০১৮ বিশ্বকাপেও খেলতে পারেননি এই জার্মান ফুটবলার।

বিশ্বকাপ স্বপ্ন শেষ জিনাব্রির
সের্গে জিনাব্রি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 02:04 AM

Updated : 26 Aug 2026, 03:28 PM

বিশ্বকাপ মাঠে গড়ানোর দুই মাসেরও কম সময় বাকি থাকতে বড় এক ধাক্কা খেল জার্মানি। চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন সের্গে জিনাব্রি।

সামাজিক মাধ্যমে বুধবার নিজেই খবরটি নিশ্চিত করেছেন এই ফরোয়ার্ড। অ্যাবডাক্টর পেশিতে চোট পেয়েছেন তিনি।

“গত কয়েকটা দিন কঠিন ছিল। সবশেষ সপ্তাহান্তে আরেকটি বুন্ডেসলিগা শিরোপা নিশ্চিত করার পর, মৌসুমে বায়ার্ন মিউনিখের আরও কিছু লক্ষ্যে খেলা বাকি আছে।”

“আর জার্মানির হয়ে বিশ্বকাপ স্বপ্ন, দুর্ভাগ্যজনকভাবে সেটা আমার জন্য শেষ। দেশের বাকি সব মানুষের মতো আমি বাড়ি থেকে ছেলেদের সমর্থন জানাব। এখন মনোযোগ দিতে হবে সুস্থ হয়ে ওঠা এবং প্রাক-মৌসুমের জন্য প্রস্তুত হওয়ায়। বার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ।”

জাতীয় দলের হয়ে ৫৯ ম্যাচ খেলে ২৬টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন জিনাব্রি। গত মার্চের আন্তর্জাতিক বিরতিতে দেশের দুই প্রীতি ম্যাচেই শুরুর একাদশে খেলেন তিনি।

২০১৮ সালের বিশ্বকাপেও চোটের ছোবলে খেলতে পারেননি জিনাব্রি। পরে ২০২২ আসরে বিশ্বকাপ অভিষেক হয় তার, গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলের তিনটি ম্যাচেই খেলেন তিনি। 

তার ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়েছে, গত সপ্তাহে পেনাল্টির অনুশীলনের সময় এই চোট পান জিনাব্রি।

টানা দ্বিতীয় মৌসুমে বুন্ডেসলিগা জয়ী বায়ার্নের সামনে এবার ট্রেবল জয়ের হাতছানি। চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপে সেমি-ফাইনালে উঠেছে তারা।