স্প্যানিশ ফুটবল
Published : 05 Feb 2026, 10:59 PM
মৌসুমের কঠিনতম সময়ে দুটি অন্তত ভালো খবর পেয়েছে রেয়াল মাদ্রিদ। লম্বা সময়ের চোট কাটিয়ে দলের অনুশীলনে ফিরেছেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও ফেরলঁদ মঁদি।
দলের সঙ্গে বৃহস্পতিবার পুরোটা সময়ই অনুশীলন করেন এই দুই ফুলব্যাক, জানিয়েছে রেয়াল। ভালেন্সিয়ার বিপক্ষে আসছে ম্যাচের স্কোয়াডেও তাদের থাকার জোর সম্ভাবনা আছে।
গত গ্রীষ্মের দলবদলে লিভারপুল থেকে রেয়ালে যোগ দেওয়া অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড নতুন ঠিকানায় এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। এই সময়ে কয়েক দফায় চোটও তাকে বেশ ভুগিয়েছে।
এই ইংলিশ রাইট-ব্যাক সবশেষ পেশিতে চোট পেয়েছিলেন ডিসেম্বরের শুরুতে এবং সেই থেকে দলের বাইরে আছেন তিনি। রেয়ালের জার্সিতে লা লিগায় আটটিসহ মোট ১১টি ম্যাচ খেলতে পেরেছেন ২৭ বছর বয়সী ফুটবলার।
ফরাসি লেফট-ব্যাক মঁদির জন্য মৌসুমটা কাটছে ভীষণ হতাশায়। বারবার চোট থাবা বসিয়েছে তার শরীরে। এই বছরের শুরুতে দলে ফিরলেও, দুই ম্যাচে বদলি হিসেবে খেলার পর পেশির চোটে ফের ছিটকে যান তিনি। পুরো মৌসুমে তিন ম্যাচ মিলিয়ে তিনি খেলতে পেরেছেন কেবল ১১২ মিনিট।
জার্মান সেন্টার-ব্যাক আন্টোনিও রুডিগার ও স্প্যানিশ রাইট-ব্যাক দানি কার্ভাহাল অবশ্য এখনও অনুশীলনে ফেরেননি। তাদের সেরে উঠতে এখনও হয়তো কয়েক সপ্তাহ লাগবে।
চলতি মৌসুমে অধারাবাহিক পারফরম্যান্সে বেশ ভুগতে হচ্ছে ইউরোপের সফলতম ক্লাবটিকে। গত মাসের শেষ সপ্তাহে বেনফিকার বিপক্ষে হেরে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলার সুযোগ হারায় দলটি।
তবে লা লিগায় জয়ের পথে আছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে সবশেষ ছয় ম্যাচে জিতেছে তারা, যদিও পারফরম্যান্সে মন ভরাতে পারেনি দলটি।
জয়ের ধারা ধরে রাখতে আগামী রোববার ভালেন্সিয়ার মাঠে খেলবে রেয়াল। ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।
তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।