ভিনিসিউসকে নিয়ে সিমেওনের মন্তব্য পছন্দ হয়নি রেয়াল কোচের
শাবি আলোন্সোর মতে, প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রতি সবসময়ই সম্মান দেখানো উচিত।
এমনিতেই রেয়াল মাদ্রিদে সময়টা ভালো কাটছে না ভিনিসিউস জুনিয়রের। আতলেতিকো মাদ্রিদ ম্যাচে তাকে আরও চাপে ফেলতে দিয়েগো সিমেওনে যে পথ বেছে নিয়েছেন, তা একদমই ভালো লাগেনি শাবি আলোন্সোর। রেয়াল কোচের মতে, ক্রীড়াবিদের মতো আচরণ করেননি আতলেতিকোর কোচ।
ভিনিসিউসকে নিষ্প্রভ রাখতে সফল হলেও রেয়ালকে রুখতে পারেননি সিমেওনে। সৌদি আরবের জেদ্দায় বৃহস্পতিবার আতলেতিকোকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা করে নেয় আলোন্সোর দল।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই চোখধাঁধানো ফ্রি-কিকে রেয়ালকে এগিয়ে নেন ফেদেরিকো ভালভের্দে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান রদ্রিগো। পরে আলেকসান্দার সরলথের সৌজন্যে একটি গোল শোধ করলেও শেষ হাসি হাসতে পারেনি আতলেতিকো।
টিভি ফুটেজে দেখা যায়, ম্যাচ চলাকালে টাচলাইনে দাঁড়িয়ে ভিনিসিউসকে উদ্দেশ্য করে বারবার কিছু একটা বলছেন সিমেওনে। ইএসপিএনের প্রতিবেদনে লেখা হয়েছে, সিমেওনে বলেছেন রেয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস ‘ভিনিসিউসকে ছাঁটাই করবে।’
৮১তম মিনিটে ভিনিসিউসের বদলি হিসেবে আর্দা গিলেরকে নামান আলোন্সো। ক্লাবের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল-খরা পৌঁছে গেল টানা ১৬ ম্যাচে।
মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের ডাগআউটে দিকে তেড়ে যান ভিনিসিউস। উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের ডাগআউটে। আতলেতিকো কোচ সিমেওনে ও ভিনিসিউসকে হলুদ কার্ড দেখান রেফারি।
ম্যাচ শেষে মুভিস্টারকে আলোন্সো বলেন, ভিনিসিউসকে নিয়ে যে মন্তব্য করেছেন সিমেওনে, তা একদমই অগ্রহণযোগ্য।
“আমার এটা পছন্দ হয়নি। আমি দেখছিলাম, ‘চোলো’ (সিমেওনে) ভিনিসিউসকে কিছু বলছে। আমার কাছে, একজন সহকর্মীর প্রতি সম্মানের দেখানোর যে সীমা থাকে, এসব বিষয়ের কারণে সেটা পেরিয়ে গেছে… সবকিছুই যে গ্রহণযোগ্য, তা নয়।”
“আমি প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সম্মান দেখানোর চেষ্টা করি। সে (সিমিওন) যা বলছে, যখন আমি সেটা শুনলাম, তখন আমার ভালো লাগেনি। সে যা বলেছে, সেটা একজন ভালো ক্রীড়াবিদের উদাহরণ নয়। আপনার প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। এর একটা সীমা আছে।”
রেয়ালের ভিনিসিউকে ‘ছাঁটাই করার পরিকল্পনার’ কথা বলার বিষয়টি অস্বীকার করেননি সিমেওনে। তবে এনিয়ে তেমন কিছু বলতে চাননি তিনি।
“আমার বলার কিছু নেই। খেলোয়াড় থাকার সময় থেকেই আমি সবসময় বলেছি, মাঠে যা ঘটে তা মাঠে থাকাই উচিত। আমার আর কিছু বলার নেই।”
“আমি মাদ্রিদের সব খেলোয়াড়কেই অনেক সম্মান করি।”
বিরতিতে রেয়ালের ডিফেন্ডার দানি কার্ভাহালের সঙ্গেও তর্কে জড়ান সিমেওনে। ভিনিসিউস মাঠ ছাড়ার ওই সময় ভালভের্দের সঙ্গেও কথা কাটাকাটি হয় আতলেতিকো কোচের। তবে এসবকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ভালভের্দে।
“ফুটবলার ও কোচদের মধ্যে কিছু নিয়ম থাকে। এসব ফুটবলেরই অংশ। এটা ডার্বি ম্যাচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- এসব যেন মাঠেই থাকে। ফুটবলে ওই ধরনের উত্তেজনা থাকাটা জরুরি।”
আগামী রোববারের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ও শিরোপাধারী বার্সেলোনার মুখোমুখি হবে রেয়াল।
