Published : 12 Sep 2026, 01:53 PM
কিংবদন্তি ফুটবলার তো বটেই, বলা হয়ে থাকে, গোটা ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় মানুষদের একজন জিনেদিন জিদান। তার আবেদন আসলে কতটা, কিছুটা ফুটে উঠল কিলিয়াম এমবাপের কথায়। ফরাসি ফুটবলের মহানায়ককে জাতীয় দলের কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বতি ফ্রান্সের এই সময়ের সবচেয়ে বড় তারকা।
ফ্রান্সের ভবিষ্যৎস সম্ভাব্য কোচ হিসেবে জিদানের নাম অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। গত বিশ্বকাপের পর সেটিই বাস্তব রূপ পেয়েছে। দিদিয়ে দেশোঁর দীর্ঘদিনের অধ্যায় শেষে দায়িত্ব পেয়েছেন ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ের নায়ক, ফরাসিদের প্রিয় জিজু।
তার মেয়াদ শুরু হলেও অবশ্য মাঠের ফুটবলে কাজ এখনও শুরু হয়নি। বিশ্বকাপের পর ক্লাব ফুটবলের ব্যস্ততাই চলছে এখনও। তবে ফ্রান্স ফুটবল সাময়িকীর সঙ্গে সাক্ষাৎকারে এমবাপের কণ্ঠে ফুটে উঠল, জিদানের কোচিংয়ে খেলতে তর সইছে না তার।
“ফরাসিদের কাছে তিনি বিশাল ব্যক্তিত্ব - তিনি একজন কিংবদন্তি, তিনি এই জাতির ‘জিজু’, তিনি আভিজাত্য ও শ্রেষ্ঠত্বের প্রতীক। ফুটবলার হিসেবে তিনি জাতীয় দলের ইতিহাসে নিজের ছাপ রেখেছেন এবং সত্যিই আইকনিক কিছু মুহূর্ত উপহার দিয়েছেন।
তিনিই সম্ভবত সেই ফুটবলার, যিনি ফ্রান্স দলকে সবচেয়ে বেশি মূর্ত করে তোলেন। তিনি সেইসব ফুটবলারদের একজন, যিনি নিজ প্রজন্মকে ছাপিয়ে সব প্রজন্মে দাগ কেটেছেন। ফরাসি ফুটবলের ইতিহাসে অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন তিনি।”
সর্বকালের সেরা ফুটবলারদের একজন জিদানের কোচিং ক্যারিয়ার এখনও পর্যন্ত পুরোটাই রেয়াল মাদ্রিদময়। সেখানে কার্লো আনচেলত্তির সহকারী থাকার পর রেয়ালের ‘বি’ দল হয়ে মূল দলকে কোচিং করার দুই দফায়। তার কোচিংয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইতিহাস গড়ার পাশাপাশি দুবার করে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে রেয়াল।