Published : 14 Aug 2026, 07:18 PM
রদ্রির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ মিডফিল্ডারকে দলে পেতে বার্সেলোনা নতুন করে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর। এমন পরিস্থিতিতে রদ্রির বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটির নতুন কোচ এন্টসো মারেস্কাও গুঞ্জনের পালে হাওয়া দিলেন।
ব্যালন দ’র জয়ী রদ্রিকে দলে টানতে চেয়েছিল রেয়াল মাদ্রিদও। কিন্তু তাদেরকে ‘না’ করে দিয়ে বার্সেলোনায় যাওয়ার ‘আগ্রহের’ কথা জানান এই ফুটবলার। এরপরই দুই দফায় সিটিকে প্রস্তাব দেয় কাতালান ক্লাবটি। কিন্তু পছন্দ না হওয়ায় দুইবারই তা ফিরিয়ে দেয় ইংলিশ ক্লাবটি।
বিবিসির খবর, রদ্রিকে দলে টানতে প্রথমবার সাড়ে চার কোটি ইউরোর প্রস্তাব দিয়ে সফল হয়নি বার্সেলোনা। সূত্রের বরাত দিয়ে গত সপ্তাহে ইএসপিএন জানিয়েছে, রদ্রির মূল্য সাত কোটি ইউরোর বেশি মনে করে সিটি।
এরপর স্প্যানিশ গণমাধ্যম এএস-এ তাদের প্রতিবেদনে লেখে, আরও ২৫ শতাংশ বাড়িয়ে দ্বিতীয় প্রস্তাব দেয় বার্সেলোনা। কিন্তু ছয় কোটি ইউরোর সেই প্রস্তাবেও নাকি রাজি হয়নি সিটি। তৃতীয় ও শেষ চেষ্টার প্রস্তুতি নিচ্ছে স্প্যানিশ ক্লাবটি।
চলমান এই আলোচনার মাঝেই গতকাল সিটিতে ফিরেছেন রদ্রি। আর্সেনালের বিপক্ষে কমিউনিটি শিল্ডের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে শুক্রবারের সংবাদ সম্মেলনে রদ্রিকে নিয়ে অনুমিতভাবেই প্রশ্নের মুখোমুখি হতে হয় মারেস্কাকে। এই ফুটবলারের ভবিষ্যৎ প্রসঙ্গে যদিও নিশ্চিত করে কিছু বলেন তিনি।
“প্রথমত, আমি আগেও বলেছি, ট্রান্সফার উইন্ডো খোলা আছে। আমরা খেলোয়াড় কিনতে পারি, বিক্রি করতে পারি- যেকোনো কিছুই ঘটতে পারে। আমি এইমাত্র ভবনে রদ্রিকে দেখেছি, তাকে আলিঙ্গন করেছি। এখন দেখা যাক কী হয়।”
রদ্রিকে নিয়ে সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আশা করছে বার্সেলোনা। গুঞ্জন রয়েছে, এরপর চেলসির মিডফিল্ডার এন্সো ফের্নান্দেসকেও পাওয়ার চেষ্টা করতে পারে কাতালান ক্লাবটি।
ফের্নান্দেসকে নিয়েও মারেস্কাকে প্রশ্ন করা হয়। তবে চেলসির এই তারকাকে নিয়ে কথা বলতে খুব একটা আগ্রহ দেখাননি ক্লাবটির সাবেক কোচ।
“এই মুহূর্তে আমাকে প্রথম দিন থেকে দেওয়া একই উত্তরই দিতে হবে, যেটা সবসময়ই একই থাকবে। সে (এন্সো ফের্নান্দেস) অন্য ক্লাবের খেলোয়াড় এবং অন্য দলের খেলোয়াড়দের নিয়ে কথা বলাটা আমার কাছে সঠিক মনে হয় না। আমাদের সঙ্গে নেই- এমন কোনো খেলোয়াড়কে নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।”
আগামী রোববার কমিউনিটি শিল্ডে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল ও এফএ কাপ চ্যাম্পিয়ন সিটি।