১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ফুটবলকে ইয়ান সমেরের বিদায়

ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলায় মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 04:34 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

দীর্ঘদিন ধরে সুইজারল্যান্ডের প্রথম পছন্দের গোলরক্ষক ইয়ান সমেরকে আর জাতীয় দলে দেখা যাবে না। ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন তিনি। 

ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলায় মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন সমের। তার অবসরের কথা সোমবার জানিয়েছে সুইজারল্যান্ড ফুটবল ফেডারেশন।

সুইজারল্যান্ড দলে সমেরের অভিষেক হয় ২০১২ সালে। দলটির হয়ে তিনটি করে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ৯৪ ম্যাচ, জাল অক্ষত রেখেছেন ৩৩টিতে।

জার্মানিতে গত মাসে অনুষ্ঠিত ইউরোতে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল হয়ে থাকল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। ওই ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হারে সুইসরা।    

জাতীয় দলে সমেরের সেরা মুহূর্ত বলা যায় ২০২০ ইউরোর শেষ ষোলোয় ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে কিলিয়ান এমবাপের শট ঠেকিয়ে দেওয়া। ম্যাচটি ৩-৩ ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে জিতে শেষ আটে জায়গা করে নেয় সুইজারল্যান্ড। 

ক্লাব ফুটবলে গত মৌসুম থেকে ইন্টারের হয়ে খেলছেন সমের। সেখানে প্রথম মৌসুমেই দলটিকে সেরি আ শিরোপা জেতাতে রাখেন বড় অবদান। এর আগে জার্মানিতে বায়ার্ন মিউনিখের হয়ে একটি ও নিজ দেশে বাসেলের হয়ে চারটি লিগ শিরোপা জেতেন তিনি।

এখন সুইজারল্যান্ডের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দেখা যেতে পারে বরুশিয়া ডর্টমুন্ডের গ্রেগর কোবেলকে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।  

সুইজারল্যান্ডের পরের ম্যাচ আগামী মাসে। উয়েফা নেশন্স লিগে ৫ সেপ্টেম্বর ডেনমার্ক ও ৮ সেপ্টেম্বর ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলবে তারা।