Published : 18 Nov 2025, 06:30 PM
শেষ ভালো যার, সব ভালো তার- এমনটাই যেন ঘটেছে জার্মানির ক্ষেত্রে। যে দলের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল অভিযান, সেই স্লোভাকিয়াকে উড়িয়ে দিয়ে শেষ করেছে বিশ্বকাপ বাছাই পর্ব। গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার পথে দল যে ফুটবল খেলেছে তাতে অভিযোগের কোনো জায়গা দেখছেন না কোচ ইউলিয়ান নাগালেসমান।
লাইপজিগের রেড বুল অ্যারেনায় সোমবার রাতে ৬-০ গোলে জিতেছে জার্মানি। গত সেপ্টেম্বরে স্লোভাকিয়ার মাঠে হেরে বিশ্বকাপ বাছাই শুরু করেছিল তারা। এর আগে টানা দুই ম্যাচে হেরেছিল নেশন্স লিগের ফাইনালসে। সব মিলিয়ে টালমাটাল এক অবস্থায় ছিল জার্মানি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে নাগেলসমানের দল।
ম্যাচ শেষে খেলোয়াড়দের প্রশংসায় ভাসালেন কোচ নাগেলসমান।
“প্রত্যেক খেলোয়াড় তার সবটুকু দিয়েছে। আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা চমৎকার সব গোল করেছি এবং নিজেদের খেলা নিয়ে আমরা প্রত্যয়ী।”
“আজ অভিযোগ করার মতো কিছু নেই। চাপ ছিল এবং তারা নিজেদের প্রেরণা জুগিয়েছে এবং দারুণ টিম স্পিরিট দেখিয়েছে।”
গত দুই রাউন্ডে দলের জয়ের নায়ক নিক ভল্টামাডা অষ্টাদশ মিনিটে এগিয়ে নেন জার্মানিকে। এই ফরোয়ার্ড বললেন, গোল হজম না করার দৃঢ় প্রত্যয় নিয়ে নেমেছিলেন তারা।
“প্রথম থেকে শেষ সেকেন্ড পর্যন্ত আমরা রক্ষণে ওদের কিছু করতে দেইনি এবং আমরা ছিলাম সৃজনশীল। আশা করি, আজ আমাদের খেলা দেখা ছিল আনন্দদায়ক। জার্মানির হয়ে খেলা দারুণ। আমরা এখন বিশ্বকাপে জায়গা করে নিয়েছি।”
ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করল জার্মানি। ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে প্লে-অফে খেলবে স্লোভাকিয়া।
২১ বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জার্মানি। তাদের চেয়ে এগিয়ে আছে কেবল ব্রাজিল (২৩)। ২০১৪ সালে নিজেদের চতুর্থ ও শেষ বিশ্বকাপ জয়ের পর আর কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারেনি জার্মানি।