Published : 21 Jul 2025, 03:59 PM
মৌসুমজুড়ে চলতে থাকে আশার ভেলা। কিন্তু তীরের কাছাকাছি গিয়ে তা ডুবে যায় বারবার। সাম্প্রতিক মৌসুমগুলোয় এটিই আর্সেনালের চিত্র। বড় শিরোপার ঠিকানায় পৌঁছতে পারছে না তারা অনেক বছর ধরেই। তবে নতুন মৌসুমে আর্সেনাল নতুন উচ্চতা স্পর্শ করবে, বিশ্বাস ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইসের।
কিছুদিন আগে পর্যন্ত অবশ্য গাব্রিয়েলকে নিয়েও ট্রান্সফার বাজারে ছিল নানা গুঞ্জন। আকর্ষণীয় চুক্তিতে সৌদি আরবের ক্লাবে যোগ দিচ্ছেন বলে শোনা যাচ্ছিল। তবে গত মাসেই চার বছরের নতুন চুক্তি সই করেছেন তিনি লন্ডনের ক্লাবটির হয়ে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার বললেন, ওই গুঞ্জনগুলোর কোনো বাস্তব ভিত্তিই ছিল না।
“ব্যক্তিগতভাবে আমি এ ধরনের কিছু শুনিনি, কোনো প্রস্তাব পাইনি। ইন্টারনেটে তো লোকে কত কিছুই বলে! আমার মনোযোগ শুধুই আর্সেনালে। এজন্যই চুক্তিতে সই করেছি, আমার সবটুকু মনোযোগ এই ক্লাবেই।”
২০২০ সালে লিল থেকে আর্সেনালে যোগ দেন গাব্রিয়েল। এই পাঁচ বছরে ২০২৩ কমিউনিটি শিল্ড ছাড়া আর কোনো ট্রফিতে চুমু এঁকে দিতে পারেননি তিনি। তবে সুবাস পেয়েছেন অনেকবার। সেই আক্ষেপ তার আছে। সঙ্গে আছে প্রবল বিশ্বাস, নতুন মৌসুমেই শেষ হবে হতাশার এই অধ্যায়।
“পাঁচ বছর ধরে এই ক্লাবে আছি এবং দেখেছি, ক্লাব কতটা গড়ে উঠেছে এই সময়ে। আমি এখানে আছি বড় শিরোপা জিততে এবং বিশ্বাস করি, এই মৌসুম হবে ভিন্ন। সাম্প্রতিক বছরগুলোয় বেশ কিছু শিরোপা আমাদের হাত থেকে ফসকে গেছে। প্রায় জিততে গিয়েও পারিনি। তবে আমার ধারণা, এবার ভিন্ন কিছু হবে। এটায় আমার বিশ্বাস প্রবল।”
আর্সেনালের কোচ মিকেল আর্তেতাও দলের মধ্যে সেই বিশ্বাসের মন্ত্র বুনে দেওয়ার চেষ্টা করছেন। গোটা দলও একই বিশ্বাসের পথিক, বললেন গাব্রিয়েল।
“আমার কেবল একটি কথাই বলার আছে, মিকেল (আর্তেতা) যেটি বলেন, এই মৌসুমে আমরা নতুন উচ্চতা স্পর্শ করব। আমাদের অজুহাত দেওয়ার কিছু নেই। গত তিন বছরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কখনও কখনও ভাগ্যের সহায়তাও পাইনি। তবে আমরা বিশ্বাস করি, এই দল বড় শিরোপা জিততে পারে।”
“প্রাক-মৌসুম শুরু হয়েছে। ম্যানেজার যা বলছেন, তা আমাদের করতে হবে, উন্নতি করতে হবে, আমাদের মনোযোগ সেদিকেই। আবারও বলছি, এই মৌসুমটি হবে ভিন্ন।”