১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইতিহাসের দুয়ারে রোনালদো ও মদ্রিচ, পর্তুগাল ৭ ক্রোয়েশিয়া ১

টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের দল দুটি।

ইতিহাসের দুয়ারে রোনালদো ও মদ্রিচ, পর্তুগাল ৭ ক্রোয়েশিয়া ১
ক্রিশ্চিয়ানো রোনালদো (বাঁয়ে) ও লুকা মদ্রিচ, যেকোনো একজন বিশ্বকাপে তার সম্ভাব্য শেষ ম্যাচ খেলতে চলেছেন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2026, 12:48 AM

Updated : 11 Sep 2026, 03:33 PM

বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। যেখানে সবচেয়ে বেশি নজর থাকবে দুই দলের সবচেয়ে বড় দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের ওপর।

টরন্টো স্টেডিয়ামে শেষ বত্রিশের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায়।

এর আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:

১০

আন্তর্জাতিক ফুটবলে ১০ বার মুখোমুখি হয়েছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। এর মধ্যে কেবল একটিতে হেরেছে পর্তুগাল, সাতটিতে জিতেছে তারা, ড্র হয়েছে অন্য দুটি।

ক্রোয়েশিয়ার একমাত্র জয়টি ২০২৪ সালের জুনে প্রীতি ম্যাচে, লুকা মদ্রিচ ও আন্তে বুদিমির গোলে ২-১ ব্যবধানে জিতেছিল তারা। পর্তুগালের একমাত্র গোলটি করেছিলেন দিয়োগো জটা, পরের বছরের জুলাইয়ে স্পেনে গাড়ি দুর্ঘটনায় মারা যান এই ফরোয়ার্ড।

দুই দলের সবশেষ ছয়টি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত পর্তুগাল। এর মধ্যে পাঁচটিতে জিতেছে তারা, ড্র হয়েছে অন্যটি।

বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে নিজেদের প্রথম ৯ ম্যাচের মাত্র একটিতে হারার পর (ছয় জয়, দুই ড্র), সবশেষ তিন ম্যাচের কোনোটিই জিততে পারেনি ক্রোয়েশিয়া (এক ড্র, দুই হার)।

এই ব্যর্থ যাত্রার শুরুটা হয়েছিল ২০১৮ সালের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৪-২ গোলের হার দিয়ে, এরপর ২০২২ সালের গ্রুপ পর্বে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র এবং এই বছর প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হারে ক্রোয়াটরা। 

এই নিয়ে চতুর্থবারের মতো ক্রোয়েশিয়া বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে, আগের তিনবারই (১৯৯৮, ২০১৮ ও ২০২২) তারা প্রথম ধাপ পার হয়েছিল।

চলতি আসরে ৪১ বছর বয়সী রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোল করেন, একই সঙ্গে বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরো) পর্তুগালের হয়ে ১০ ম্যাচের গোল খরা কাটান তিনি। কিন্তু দলের অন্য দুই ম্যাচে তিনি গোল করতে পারেননি, ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ ও কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে পর্তুগাল।

পাঁচবারের ব্যালন দ’র জয়ী এই তারকা বিশ্বকাপের নকআউট পর্বে আট ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি। এই সময়ে গোলের জন্য তিনি শট নিয়েছেন ২৯টি, যা ১৯৬৬ সালে রেকর্ড রাখা শুরুর পর থেকে নকআউটে গোল না করে কোনো খেলোয়াড়ের যৌথভাবে সর্বোচ্চ, ব্রাজিলের রবের্তো কার্লোসের সঙ্গে।

পর্তুগালের বিপক্ষে মাঠে নামলে বিশ্বকাপে ৪০ বছর বয়সী মদ্রিচের ২৩তম ম্যাচ হবে এটি। এতে প্রতিযোগিতাটিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় পাওলো মালদিনি ও মানুয়েল নয়ারের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে জায়গা করে নেবেন ক্রোয়েশিয়া অধিনায়ক।

ওপরে আছেন কেবল মিরোস্লাভ ক্লোসা (২৪), ক্রিশ্চিয়ানো রোনালদো (ক্রোয়েশিয়ার বিপক্ষে মাচটি হবে তার ২৫তম), লোথার মাথাউস (২৫) ও লিওনেল মেসি (২৯)। 

৪০

রোনালদো ও মদ্রিচ দুজনই মাঠে নামলে, ৪০ বা এর বেশি বয়সী দুজন আউটফিল্ড খেলোয়াড় প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হবেন।

এবারের আসরের আগে ৪০ বছরে পা দেওয়ার পর, আউটফিল্ড খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলেছিলেন কেবল ক্যামেরুনের রজার মিলা। ১৯৯৪ সালে গ্রুপ পর্বে রাশিয়ার বিপক্ষে তিনি মাঠে নেমেছিলেন ৪২ বছর ৩৯ দিন বয়সে। তার চেয়ে বেশি বয়সে বিশ্বকাপে খেলেছেন কেবল দুজন এবং দুজনই গোলকিপার।  

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ বত্রিশে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪০ বছর ১০৬ দিন বয়সে মাঠে নামেন বসনিয়া ও হার্জেগোভিনার এদিন জেকো। বিশ্বকাপের নকআউট ম্যাচে খেলা ৪০ বা এর বেশি বছর বয়সী প্রথম আউটফিল্ড খেলোয়াড় তিনি। সেই তালিকায় এবার যোগ হতে পারেন সাবেক দুই রেয়াল মাদ্রিদ সতীর্থ রোনালদো ও মদ্রিচ।