১১ পরিবর্তন নিয়ে ফ্রান্সের দাপুটে জয়
ব্রাজিলকে হারানো ম্যাচের একাদশের সবাইকে বাইরে রেখেও কলম্বিয়ার বিপক্ষে অনায়াসে জিতল দিদিয়ে দেশমের দল।
আগের ম্যাচের একাদশের সবাইকে বাইরে রেখে পুরো ভিন্ন একাদশ মাঠে নামালেন দিদিয়ে দেশম। স্কোয়াডের গভীরতাই যেন মেলে ধরলেন ফ্রান্স কোচ। সেই দল উপহার দিল দারুণ পারফরম্যান্স। বিশ্বকাপের প্রস্তুতিপর্বে কলম্বিয়াকে অনায়াসে হারাল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে রোববার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-১ গোলে জিতেছে ফ্রান্স।
দুই অর্ধে একটি করে গোল করে ফ্রান্সের নায়ক দিজিরে দুয়ে। প্রথমার্ধে তাদের অন্য গোলটি করেন মার্কাস থুরাম। দ্বিতীয়ার্ধে কলম্বিয়ার হয়ে ব্যবধান কমান হামিন্তন কামপাস।
কিলিয়ান এমবাপে ও উগো একিটিকের গোলে গত বৃহস্পতিবার ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স।
এবারের ম্যাচে শুরুতে দুই দলই ছিল সমানে সমান। চলছিল আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে সময়ের সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। ১২ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায় তারা।
২৯তম মিনিটে ‘ডেডলক’ ভাঙেন দুয়ে। বক্সে কলম্বিয়া বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ার পর, নিচু শটে জালে পাঠান পিএসজির উইঙ্গার।
জাতীয় দলের জার্সিতে তার প্রথম গোল এটি।
৪১তম মিনিটে ব্যবধান বাড়ান থুরাম। ডান দিক থেকে সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের বাইরে জোরাল হেডে গোলটি করেন ইন্টার মিলানের ফরোয়ার্ড।
৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন দুয়ে। থুরামের পাস বক্সে ফাঁকায় পেয়ে শট নেন তিনি, বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায়।
৬৩তম মিনিটে দুয়েকে তুলে নেন কোচ। তার জায়গায় নামেন একিটিকে।
নিষ্প্রভ থাকা কলম্বিয়ার দুই তারকা হামেস রদ্রিগেস ও লুইস দিয়াসকেও তখন তুলে নেন তাদের কোচ।
৭৭তম মিনিটে ব্যবধান কমায় কলম্বিয়া। সতীর্থের পাস বক্সে পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন কামপাস।
এরপরই থুরামের বদলি হিসেবে এমবাপেকে নামান কোচ। ফ্রান্সের হয়ে অলিভিয়ে জিরুর সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে একটি দূরে আছেন রেয়াল মাদ্রিদ তারকা।
৮৫তম মিনিটে দুরূহ কোণ থেকে এমবাপের শট গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। যোগ করা সময়ে গোলরক্ষককে কাটিয়ে তিনি বল জালে পাঠালেও, অফসাইডের কারণে গোল মেলেনি।
