১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক দিন পরই বার্সার নেতৃত্ব ফিরে পেলেন টের স্টেগেন

বার্সেলোনার সঙ্গে ঝামেলা পাকিয়ে অধিনায়কত্ব হারানোর পরদিনই আবার তা ফিরে পেলেন অভিজ্ঞ এই গোলকিপার।

এক দিন পরই বার্সার নেতৃত্ব ফিরে পেলেন টের স্টেগেন
আপাতত ঝামেলা থেকে মুক্ত মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 07:23 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

দুই পক্ষের টানাপোড়েনের আপাতত সমাপ্তি। নিজের চিকিৎসা বিষয়ক তথ্য লা লিগা কর্তৃপক্ষের কাছে পাঠাতে রাজি হয়েছেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। বার্সেলোনাও তাকে ফিরিয়ে দিয়েছে অধিনায়কত্বের সম্মান। নেতৃত্ব হারানোর পরদিনই আবার ফিরে পেলেন ৩৩ বছর বয়সী গোলকিপার।

বার্সেলোনা শুক্রবার বিবৃতিতে জানায়, টের স্টেগেন তার মেডিকেল রিপোর্ট লা লিগার কাছে পাঠাতে রাজি হওয়ার পর নেতৃত্ব বদলের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে ক্লাবও।

“এই ক্লাব ঘোষণা করছে যে, মার্ক-আন্ড্রে টের স্টেগেনের অস্ত্রোপচার সংক্রান্ত মেডিকেল রিপোর্ট লা লিগার কাছে পাঠাতে তার যে অনুমোদনের প্রয়োজন হয়, তাতে তিনি স্বাক্ষর করেছেন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগের তাই এখানেই সমাপ্তি এবং এই মুহূর্ত থেকেই তিনি আবার মূল দলের অধিনায়ক।”

এই সমঝোতায় বিব্রতকর একটি অবস্থা থেকেও আপাতত মুক্তি পেল দুই পক্ষ।

বার্সেলোনার সঙ্গে টের-স্টেগেনের সর্ম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা খবর কিছুদিন ধরেই সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে আসছিল। এস্পানিওল থেকে গোলকিপার হোয়ান গার্সিয়াকে দলে নেওয়ার পর বার্সেলোচনার চাওয়া ছিল টের-স্টেগেনকে বিক্রি করে দেওয়া। কিন্তু অভিজ্ঞ এই গোলকিপার বরাবরই অনড় ছিলেন ক্লাব ছাড়তে। এর মধ্যেই তার পিঠের অস্ত্রোপচার বড় ধাক্কা হয়ে আসে ক্লাবের জন্য। তাকে বিক্রি করা বা ক্লাব ছাড়ার পথ তাতে বন্ধ হয়ে যায়।

দুই পক্ষের দ্বন্দ্বের ব্যাপারটি প্রকাশ্য হয়ে ওঠে গত বৃহস্পতিবার। টের-স্টেগেনকে দীর্ঘমেয়াদি চোটের তালিকায় রাখতে চেয়েছিল বার্সেলোনা। লা লিগার নিয়ম অনুযায়ী, অন্তত চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলে তা ‘লং টার্ম’ বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে, লিগের ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ নিয়ম অনুযায়ী, মৌসুমের মাঝামাঝি পর্যন্ত এই গোলকিপারের পারিশ্রমিকের বড় একটি অংশ (৫০ থেকে ৮০ শতাংশ) ছাড় পাবে ক্লাব এবং নতুন ফুটবলার নিবন্ধনে তা বড় সহায়তা করবে।

কিন্তু টের-স্টেগেন সামাজিক মাধ্যমে দাবি করেন, তাকে মাঠের বাইরে থাকতে হবে তিন মাস। সেটি সত্যি হলে দীর্ঘমেয়াদি চোটের তালিকায় তাকে রাখা যাবে না। তার কারণে বার্সেলোনা নতুন ফুটবলার নিবন্ধন করাতে পারছে না, এমন আলোচনাও ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে। তাতে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জার্মান এই গোলকিপার।

এর পরপরই বৃহস্পতিবার বার্সেলোনা বিবৃতিতে জানায়, শৃঙ্খলাভঙ্গের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত টের স্টেগেন অধিনায়কত্বের দায়িত্বে থাকবে না।

ক্লাবের কঠোর অবস্থানের পর শুক্রবার সামাজিক মাধ্যমে দীর্ঘ বার্তায় টের স্টেগেন তুলে ধরেন নিজের অবস্থান। তার দাবি, তিন মাস বলতে তিনি ন্যূনতম সময়টা বুঝিয়েছিলেন। 

“সাম্প্রতিক সপ্তাহগুলোয় আমাকে নিয়ে অনেক কথাই বলা হয়েছে, সেগুলোর কিছু কিছু পুরোপুরিই ভিত্তিহীন। এজন্য আমার মনে হয়েছে, আমার কথাগুলো তুলে ধরা প্রয়োজন সম্মানজনকভাবে, কিন্তু পরিষ্কার করে।” 

“আমার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মেডিকেল পেশাদারদের সঙ্গে কথা বলে এবং ক্লাবের পূর্ণ অনুমতি সাপেক্ষে। সেরে ওঠার যে সময়ের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলাম আমি, সেটি ছিল কমপক্ষে যে সময়টা আমার লাগতে পারে। খ্যাতিমান বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ীই সেটি বলেছিলাম এবং সবসময়ই ক্লাবের সঙ্গে সমন্বয় ছিল।”

বার্সেলোনায় ১১ বছরের পথচলায় ১৭ শিরোপাজয়ী গোলকিপারের মতে, কোনো ফুটবলারের নিবন্ধন করানোর পথে তিনি বাধা হয়ে দাঁড়াননি। 

“আমি এটাও পরিষ্কার করে দিতে চাই যে, ক্লাবের নতুন ফুটবলার আনা ও পুরোনোদের চুক্তি নবায়নের ব্যাপারগুলো আমার অস্ত্রোপচারের আগেই চূড়ান্ত হয়ে যায়। এজন্য কোনোভাবেই আমি মনে করি না যে, নতুন যে অস্ত্রোপচারের দুর্ভাগ্যজনক অবস্থার ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে, সেটির সঙ্গে আমার অন্য সতীর্থদের নিবন্ধনের সম্পর্ক আছে, যাদেরকে আমি দারুণ সম্মান করি ও অনেক মৌসুম একসঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে অপেক্ষায় আছি।”

“এই ক্লাবের প্রতি আমার নিবেদন অটুট।”

২৪ বছর বয়সী গার্সিয়াকে দলে নেওয়ার পাশাপাশি ভয়চেখ স্ট্যান্সনির সঙ্গে চুক্তিও নবায়ন করেছে বার্সেলোনা। এছাড়াও সম্প্রতি তারা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে এনেছে মার্কাস র‌্যাশফোর্ডকে। তবে গার্সিয়া, র‌্যাশফোর্ডসহ পাঁচজন ফুটবলারকে এখনও নিবন্ধন করাতে পারেনি ক্লাবটি।

নতুন মৌসুম শুরু হতে সময় নেই খুব বেশি। ইতালিয়ান ক্লাব কমোর বিপক্ষে রোববার হোয়ান গাম্পার ট্রফির লড়াইয়ে নামবে তারা। লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবেন শনিবার রেয়াল মায়োর্কার মাঠে।