Published : 10 Dec 2025, 07:34 PM
এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা চেলসি বিরতির পর হারিয়ে ফেলে ছন্দ। প্রথম গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষদিকে আরেকটি খেয়ে পায় হারের তেতো স্বাদ। ম্যাচের দ্বিতীয়ভাগে দলের এমন পারফরম্যান্সে ভীষণ হতাশ কোচ এন্টসো মারেস্কা। তার মতে, হজম করা গোল দুটি এড়াতে পারত তারা।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার আতালান্তার মাঠে ২-১ গোলে হারে চেলসি।
২৫তম মিনিটে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় তারা। ৫৫তম মিনিটে জানলুকা স্কামাক্কার গোলে সমতা ফেরায় আতালান্তা। আর ৮৩তম মিনিটে স্বাগতিকদের জয়সূচক গোল এনে দেন চার্লস ডে কেটেলায়েরে।
দীর্ঘ সময় এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত তেতো স্বাদ পাওয়ায় ম্যাচ শেষে তীব্র হতাশা ঝরে মারেস্কার কণ্ঠে।
“প্রথম গোল হজমের পর আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল করার দুটি ভালো সুযোগ পাই। ১-১ (সমতা) হওয়ার পর (আমরা) মনোযোগ হারিয়ে ফেলি। হজম করা দুটি গোলই এড়ানো যেত, এগুলো ছিল সহজ গোল।”
“আমরা যে দুটি গোল খেয়েছি, দুটোই আমার মতে এড়ানো যেত। প্রথম গোল হজমের পর নিয়ন্ত্রণ হারানো উচিত নয়; কিন্তু আমার মনে হয়েছে এরপরই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।”
চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে চেলসির বাকি দুই ম্যাচ। জানুয়ারিতে ঘরের মাঠে পাফোসের বিপক্ষে খেলবে তারা, এরপর কঠিন পরীক্ষা নাপোলির মাঠে।
৬ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের একাদশ স্থানে আছে চেলসি। তালিকার প্রথম আট দল সরাসরি জায়গা পাবে শেষ ষোলোয়। সেই সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি তাদের।
আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরের দলগুলো হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ খেলবে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় প্লে-অফে খেলতে হলে সূচি আরও ঠাসা হয়ে যাবে, ভালো করেই জানেন মারেস্কা। তাই পরের দুই ম্যাচ যেকোনো মূল্যে জিততে চান তিনি।
“প্লে-অফ খেলতে হলে সূচি কতটা ব্যস্ত হবে, তা আমরা বুঝতে পারছি। এখন এই ম্যাচ শেষ, মনোযোগ শনিবারের (এভারটনের বিপক্ষে) ম্যাচে। আমাদের ম্যাচ জিততেই হবে।”
“সম্ভবত দুই ম্যাচই জিততে হবে। ১৬ পয়েন্ট নিয়ে সম্ভবত শীর্ষ আটে থাকা যায়, আমি নিশ্চিত নই…শীর্ষ আটে থাকতে হলে পরের দুই ম্যাচ অবশ্যই জিততে হবে।”
পাঁচ ম্যাচ খেলে শতভাগ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ছয় ম্যাচে তাদের সমান ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন মিউনিখ। আর চেলসিকে হারানো আতালান্তা ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখন তিনে।