১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইন্টারকে হারিয়ে আর্সেনালের সাতে সাত

গাব্রিয়েল জেসুসের জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে জয়রথেই থাকল মিকেল আর্তেতার দল।

ইন্টারকে হারিয়ে আর্সেনালের সাতে সাত
জোড়া গোল করে আর্সেনালের জয়ের নায়ক গাব্রিয়েল জেসুস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 04:22 AM

Updated : 26 Aug 2026, 05:36 PM

চোট কাটিয়ে ফেরার পর, মৌসুমে কেবল দ্বিতীয়বার শুরুর একাদশে খেলার সুযোগ পেয়ে ব্যবধান গড়ে দিলেন গাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে ইন্টার মিলানকে হারাল আর্সেনাল। 

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ইন্টারের মাঠে ৩-১ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। আসরে এটি সাত ম্যাচে তাদের সপ্তম জয়, ইন্টারের তৃতীয় হার। 

আর্সেনালের তৃতীয় গোলটি করেন ভিক্তর ইয়োকেরেশ। 

প্রথম মিনিটে দুটি শট প্রতিহত হয় আর্সেনালের। চতুর্থ মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখতে পারে দলটি। ডি-বক্স থেকে ইন্টার গোললক্ষক ইয়ান সমেরকে পরাস্ত করতে পারেননি বুকায়ো সাকা।

দশম মিনিটে গোল পেয়ে যায় আর্সেনাল। ইউরিয়েন টিম্বার ঠিকঠাক শট নিতে পারেননি, তবে বলের গতি পথে থাকা জেসুস দিক পাল্টে অনায়াসে খুঁজে নেন জাল। 

আট মিনিট পর চমৎকার গোলে সমতা ফেরায় ইন্টার। লাউতারো মার্তিনেসের বাড়ানো বলে মাহকুশ টুহামের শট প্রতিহত হওয়ার পর, একই পরিনতি হয় নিকোলো বারেল্লার শটেরও। ফিরতি বলে ডি-বক্সের বাইরে থেকে কাছের পোস্ট দিয়ে গতিময় শটে জাল খুঁজে নেন পেতার সুসিচ। 

২৭তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার ভালো সুযোগ হাতছাড়া করেন টুহাম। কাছ থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি ফরাসি ফরোয়ার্ড।

চার মিনিট পর জেসুসের আরেকটি গোলে ফের এগিয়ে যায় আর্সেনাল। বুকায়ো সাকার কর্নারে দূরের পোস্টে লিয়ান্দ্রো ত্রোসারের হেড ক্রসবার ছুঁয়ে ফিরলে হেডেই ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৪৩তম মিনিটে ফেদেরিকো দিমার্কোর গতিময় শট ঠেকিয়ে ব্যবধান ধরে রাখেন আর্সেনাল গোলররক্ষক দাভিদ রায়া। ফিরতি শটও চমৎকার রিফ্লেক্সে ব্যর্থ করে দেন তিনি।

দ্বিতীয়ার্ধেও প্রথম ভালো সুযোগ পায় আর্সেনাল। ৫১তম মিনিটে এবেরেচি এজের শট ঝাঁপিয়ে ঠেকান ইন্টার গোলরক্ষক সমের। 

৬৭তম মিনিটে লুইস এইহিকের কাছ থেকে বল পেয়ে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি ফ্রান্সেসকো পিও এস্পোজিতো। দুই মিনিট পর তার আরেকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়।

ইন্টারের আক্রমণে ঢেউ সামাল দিয়ে ৭৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পায় আর্সেনাল। তবে গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগ হাতছাড়া করেন সাকা। ফিরতি বলে সুযোগ নিতে পারেননি সফরকারীদের কেউ। 

সাত মিনিট পর স্কোরলাইন ৩-১ করে ফেলেন ইয়োকেরেশ। সাকার কাছ থেকে বল পেয়ে গতিময় শটে ঠিকানা খুঁজে নেন তিনি। ঝাঁপিয়ে গ্লাভস ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি সমের। 

সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। টানা তিন ম্যাচে হারা ইন্টার ১২ পয়েন্ট নিয়ে আপাতত আছে আট নম্বরে। 

ভিনিসিউস-এমবাপের নৈপুণ্যে রেয়াল মাদ্রিদের গোল উৎসব

পিএসজিকে হারিয়ে স্পোর্তিংয়ের চমক

ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করল বুদে/গ্লিম্ট