Published : 30 Aug 2026, 03:25 PM
আশিয়ান কাপের ২৮ জনের বাংলাদেশ দলে কিউবা মিচেলের জায়গা না পাওয়া, এরপর এই মিডফিল্ডারের নিজের ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশ সংক্রান্ত সব ছবি মুছে ফেলা নিয়ে চারদিকে চলছে নানা কথা। ইংল্যান্ড প্রবাসী এই তরুণের জায়গা না পাওয়া নিয়ে কোচের ভাবনা জানালেন টিম কো-অর্ডিনেটর আমের খান। বললেন, মিচেলকে ক্যাম্পের অনুশীলনে পরখ করে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন কোচ।
আসছে আশিয়ান গেমস সামনে রেখে কদিন আগে প্রাথমিক স্কোয়াড দেন ডুলি। গত বৃহস্পতিবার শুরু হয় ক্যাম্প। এই স্কোয়াডে রাখা হয়নি স্ট্র্যাটফোর্ড টাউনে খেলা মিচেলকে।
গত নভেম্বরে নেপালের বিপক্ষে ২-২ ড্র প্রীতি ম্যাচে হামজা চৌধুরীর বদলি নেমে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় মিচেলের। তার ইন্সটাগ্রামে বাংলাদেশের হয়ে খেলার ছবি ছিল এতদিন, কিন্তু ডুলির ডাক না পাওয়ার পর অভিমানে সব ছবি সরিয়ে ফেলেন ২০ বছর বয়সী এই মিডফিল্ডার।
এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে চাউর হয়, মিচেলকে নিজ খরচে ট্রায়ালে আসার বার্তা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মিচেলকে নিয়ে কোচ ডুলির ভাবনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন টিম কো-অর্ডিনেটর আমের খান।
“আমাদের সঙ্গে আলাপে তিনি (ডুলি) বলেছেন, যে কোনো খেলোয়াড় নেওয়ার আগে তিনি আগে দেখে নিতে চান। তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান। এই প্রক্রিয়া কিন্তু আগেও অনুসরণ করা হয়েছে।
“ধরুন, একজন চোট নিয়ে ক্যাম্পে এলো, তাকে অনুশীলনে দেখার পর কোচ বুঝতে পারলেন সেটা, তখন কোচ কি ওই খেলোয়াড়কে নেবেন? নেবেন না। অনেকে নিয়মিত খেলার মধ্যে থাকে না, সেটাও দেখতে হয়। কোচ তাই চেয়েছিলেন, মিচেলকেও অনুশীলনে দেখে সিদ্ধান্ত নিতে।”
ফিফা আসিয়ান কাপ-২০২৬ শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর। প্রিমিয়ার ডিভিশনে ‘এ’ দলে বাংলাদেশের তিন প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। উদ্বোধনী দিনে মালয়েশিয়ার মুখোমুখি হবে ডুলির দল।
এই বিভাগের সব ম্যাচগুলোই অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায়।