১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রথম’ মাদ্রিদ ডার্বি নিয়ে রোমাঞ্চিত রেয়াল মাদ্রিদ কোচ

সান্তিয়াগো বের্নাবেউয়ে আরেকবার দর্শকদের উচ্ছ্বাস, উন্মাদনা দেখতে মুখিয়ে আছেন আলভারো আরবেলোয়া।

‘প্রথম’ মাদ্রিদ ডার্বি নিয়ে রোমাঞ্চিত রেয়াল মাদ্রিদ কোচ
রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 08:49 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

রেয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের লড়াই ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো হাইভোল্টেজ ম্যাচটির অংশ হতে যাচ্ছেন আলভারো আরবেলোয়া। নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন রেয়ালের কোচ।

লা লিগায় ফিরতি লেগে রোববার মুখোমুখি হবে মাদ্রিদের দুই দল। রেয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু মাঠের লড়াই।

চলতি মৌসুমে এটি তৃতীয় মাদ্রিদ ডার্বি। লা লিগায় প্রথম দেখায় আতলেতিকোর মাঠে ৫-২ গোলে পর্যদুস্ত হয়েছিল রেয়াল মাদ্রিদ। এবারের লড়াই তাদের জন্যে সেটার প্রতিশোধ নেওয়ার একটা উপলক্ষও।

ওই হারের ক্ষতে অবশ্য গত জানুয়ারিতে কিছুটা প্রলেপ দিতে পেরেছিল রেয়াল। স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আতলেতিকোকে ২-১ গোলে হারিয়েছিল তারা।

গত জানুয়ারিতেই শাভি আলোন্সোর স্থলাভিষিক্ত হন আরবেলোয়া। তার কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করলেও, লা লিগায় কিছুটা ভুগছে রেয়াল। সবশেষ পাঁচ ম্যাচের দুটিতে হেরেছে তারা। লিগ টেবিলে বার্সেলোনা থেকে ৪ পয়েন্ট পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে।

চিরপ্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ ধরে রাখতে আতলেতিকোর বিপক্ষে ম্যাচটি রেয়ালের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আগের দিন সংবাদ সম্মেলনে নিজের প্রথম মাদ্রিদ ডার্বি নিয়ে অনুভূতি তুলে ধরেন আরবেলোয়া।

“প্রচুর উদ্দীপনা ও রোমাঞ্চ নিয়ে ম্যাচটির জন্য প্রস্তুত। এটা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, মূল্যবান তিনটি পয়েন্টের জন্য, সমর্থকদের জন্য এবং ম্যাচটি ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে সেই জন্য। উপভোগের মানদণ্ডে এটা সেরা ম্যাচগুলোর একটি। আমি বের্নাবেউয়ের গ্যালারিতে দর্শকদের উন্মাদনা দেখার অপেক্ষায় আছি।”

চ্যাম্পিয়ন্স লিগেও মুকুট পুনরুদ্ধারের অভিযানে ছুটছে রেয়াল মাদ্রিদ। প্লে-অফ চ্যালেঞ্জ পেরিয়ে শেষ ষোলো এবং সেখানে ম্যানচেস্টার সিটিকে দুই লেগেই হারিয়ে তারা জায়গা করে য়েছে কোয়ার্টার-ফাইনালে।