আতলেতিকো নাসিওনালে যোগ দিলেন রদ্রিগেস
কলম্বিয়ার ঘরোয়া ফুটবলে ফিরছেন অভিজ্ঞ এই প্লেমেকার।
স্বদেশের ঘরোয়া ফুটবলে ফিরছেন কলম্বিয়ার তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেস। ফ্রি ট্রান্সফারে আতলেতিকো নাসিওনালে যোগ দিয়েছেন তিনি।
সবশেষ মেজর লিগ সকারের ক্লাব মিনেসোটা ইউনাইটেডের হয়ে খেলেন ৩৫ বছর বয়সী রদ্রিগেস। নাসিওনাল জানিয়েছে, জাতীয় দলের অধিনায়কের সঙ্গে তাদের চুক্তি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।
রদ্রিগেসের দীর্ঘ ক্যারিয়ারে নাসিওনাল ১৪তম ক্লাব। তিনি খেলেছেন ১২টি দেশে।
১৬ বছর বয়সে কলম্বিয়া ছেড়ে ২০০৮ সালে আর্জেন্টিনার বানফিল্ডে যোগ দেন রদ্রিগেস। এই প্লেমেকার পরে পোর্তো, মোনাকো, রেয়াল মাদ্রিদে খেলেন।
২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতেন রদ্রিগেস। সেই আসরের পারফরম্যান্স তাকে নিয়ে যায় ইউরোপের সফলতম ক্লাব রেয়ালে। ক্লাব ফুটবলে ২৫ শিরোপা জেতা মিডফিল্ডার দারুণ উজ্জ্বল কলম্বিয়ার জার্সিতে।
