১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সমালোচনার শিকার বেলিংহ্যামই ইংল্যান্ডের ‘এক্স-ফ্যাক্টর’

সতীর্থ মিডফিল্ডারকে বড় ম্যাচের খেলোয়াড়ও মনে করেন জর্ডান হেন্ডারসন।

সমালোচনার শিকার বেলিংহ্যামই ইংল্যান্ডের ‘এক্স-ফ্যাক্টর’
জুড বেলিংহ্যামের সঙ্গে জর্ডান হেন্ডারসন (বাঁয়ে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2026, 01:18 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

জুড বেলিংহ্যামকে নিয়ে যখন ইংলিশ ফুটবলে চলছে আলোচনা-সমালোচনা, তখন সতীর্থের পাশে দাঁড়িয়েছেন জর্ডান হেন্ডারসন। বাইরে থেকে যাই মনে হোক, তার কাছে তরুণ এই মিডফিল্ডার ইংল্যান্ডের দলের জন্য ‘এক্স-ফ্যাক্টর।’ তার মতে, দলে বেলিংহ‍্যামের প্রভাবকে প্রায়ই ভুল বোঝা হয়।

ইংল্যান্ড দলকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কিশোর প্রতিভা থেকে ফুটবল বিশ্বের শীর্ষ তারকাদের একজন হয়ে ওঠা বেলিংহ‍্যাম। তার পারফরম্যান্স ও আচরণ নিয়ে গণমাধ্যম এবং সমর্থকদের মাঝে চুলচেরা বিশ্লেষণ চলে।

রেয়াল মাদ্রিদের ২২ বছর বয়সী ফুটবলারকে নিয়ে যেন দুইভাগে বিভক্ত সমর্থক ও গণমাধ্যম। কেউ তাকে ভালোবাসেন, কেউ অপছন্দ করেন। বিশেষ করে, মাঠে তার তীব্র আবেগঘন আচরণ প্রায়ই বড় বিতর্কের জন্ম দেয়। তার এমন আচরণ কি খেলাটির প্রতি নিখাদ ভালোবাসা থেকে আসে, নাকি অহম থেকে, এমন প্রশ্নও ওঠে।

শুধু তাই নয়, বিশ্বকাপে ইংল্যান্ডের শুরুর একাদশে বেলিংহ্যামকে রাখা উচিত কিনা, তা নিয়েও চলছে তুমুল আলোচনা। তবে তাকে নিয়ে দল কি ভাবছে, তা ফুটে উঠল ৩৫ বছর বয়সী হেন্ডারসনের কথায়।

“সত্যি বলতে, তার প্রশংসা করার মতো যথেষ্ট শব্দ আমার জানা নেই। জানি, সংবাদমাধ্যমে অনেক কিছু লেখা হয়, আর মাঝেমধ্যে সেগুলো পড়া আমার জন্যও কঠিন হয়ে যায়, কারণ আমি খুব ভালো করেই জানি এই দলে তার প্রভাব কতটা, মাঠের বাইরে সে কী দারুণ একজন সতীর্থ এবং আমাদের জন্য সে যা করে তা সত্যিই অসাধারণ।”

“আমার মনে হয়, সে আমাদের জন্য ‘এক্স-ফ্যাক্টর।’ ক্যারিয়ারে ইতোমধ্যেই সে অনেক বড় বড় মুহূর্ত উপহার দিয়েছে। সে বড় ম্যাচের খেলোয়াড়। বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা তার আছে, তাই এই টুর্নামেন্টে আমাদের জন্য সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।”

আগামী বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এখন ক্যানসাস সিটিতে নিজেদের প্রস্তুত করছে দলটি। সেখানে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বেলিংহ্যামের উচ্ছ্বসিত প্রশংসা করেন মিডফিল্ডার হেন্ডারসন।

“দলের যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করলেই তারা বলবে সে কত ভালো একজন সতীর্থ এবং অনুশীলনে সে কতটা নিবেদিত। আমি জানি তার বয়স এখনও কম, কিন্তু মানসিকভাবে সে ভীষণ পরিপক্ব।”

‘এল’ গ্রুপে ইংল্যান্ডের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।