১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের জুটিকে হারিয়ে সেমি-ফাইনালে জুমার-ঊর্মি জুটি

পুরুষ দ্বৈতে অবশ্য বাংলাদেশের দুই জুটিই হেরে গেছে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে।

ভারতের জুটিকে হারিয়ে সেমি-ফাইনালে জুমার-ঊর্মি জুটি
ভারতের জুটিকে হারানোর তৃপ্তি নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে জুমার-ঊর্মি মুখোমুখি হবেন থাইল্যান্ডের জুটির। ছবি: ব্যাডমিন্টন ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 05:11 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২৫ টুর্নামেন্টে শুক্রবার দিনের প্রথম অংশের খেলায় অম্ল-মধুর অভিজ্ঞতাই হয়েছে বাংলাদেশের শাটলারদের। দারুণ লড়াইয়ের পর ভারতের জুটিকে হারিয়ে মিশ্র দ্বৈতের সেমি-ফাইনালে উঠেছে আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি। তবে, পুরুষ দ্বৈতে হতাশ করেছে জুমার-অহিদুল ও মাসুদ-রবিন, দুই জুটিই।

পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ভারতের স্বাস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২-১ সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন জুমার-ঊর্মি জুটি। সন্ধ্যায় ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবেন থাইল্যান্ডের জুটির।

ভারতের বিপক্ষে জুমার-ঊর্মির শুরুটা ছিল সাদামাটা, প্রথম সেট তারা হেরে যান ২১-১৬ পয়েন্টে। দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তারা ঘুরে দাঁড়ান ২১-১৯ পয়েন্টের জয়ে। তৃতীয় সেটেও লড়াই জমেছিল, তবে ২১-

১৮ ব্যবধানে সেটের পাশাপাশি ম্যাচও জিতে নেন জুমার ও ঊর্মি।

আগের দিন মোয়াজ্জেম হোসেন অহিদুলকে সাথে নিয়ে পুরুষ দ্বৈতের কোয়ার্টার-ফাইনালে ওঠা জুমার পারেননি সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে জিততে। ভিয়েতনামের জুটির কাছে তারা হেরে যান ২১-১৭, ২১-১৪ পয়েন্টে।

হতাশ হতে হয়েছে এই ইভেন্টের কোয়ার্টার-ফাইনালে ওঠা বাংলাদেশের মাসুদ আহমেদ-সাদাকাত রবিন জুটিরও। প্রথম সেটে ২১-১৭ পয়েন্টে হারের পর দ্বিতীয় সেটে ২২-২০ পয়েন্টে জিতে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়েছিলেন তারা। কিন্তু তৃতীয় সেটে দাঁড়াতেই পারেননি, ২১-০৯ পয়েন্টে হেরে ছিটকে যান মাসুদ-রবিন।

দ্বৈতের হারের তেতো স্বাদ ভুলে জুমার অবশ্য তাকিয়ে আছেন ঊর্মিকে সাথে নিয়ে মিশ্র দ্বৈতের সেমি-ফাইনালে ভালো কিছু করার দিকে।

“জয় পেয়ে ভীষণ খুশি। টানা ম্যাচ খেলার চাপ হয়ত শরীরে পড়ছে, তবে জয়ের খুশিতে সব ভুলে সামনের দিকে তাকিয়ে আছি। বিকালে আবার ঊর্মিকে নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে। সবাই দোয়া করবেন।”

লম্বা সময় ধরে জুমারের সাথে জুটি গড়ে খেলা ঊর্মিও আশাবাদী সেমি-ফাইনাল নিয়ে।

“জুমারের সঙ্গে ছয়-সাত বছর ধরে জুটি বেঁধে খেলছি। যেহেতু অনেকদিন ধরে খেলছি, সেহেতু আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। আমরা এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছি। ঘরের মাঠে এখন সেমি-ফাইনালে উঠলাম। সবাই দোয়া করবেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি।”