Published : 18 Oct 2025, 10:23 AM
যে জ্যাক গ্রিলিশকে খুঁজছিলেন পেপ গুয়ার্দিওলা, সেই গ্রিলিশকে অবশেষে খুঁজে পেয়েছেন তিনি। তবে সমস্যা হলো, অন্য দলের জার্সিতে। তারপরও তাকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত গুয়ার্দিওলা। দুর্দান্ত ফর্মে থাকা এই ফুটবলারকে আবার ম্যানচেস্টার সিটির জার্সিতে দেখা যেতে পারে বলেও আভাস দিয়ে রাখলেন কোচ।
খুব বেশি দিন আগের কথা নয়, গ্রিলিশ ছিলেন ম্যানচেস্টার সিটির বড় ভরসা। কিন্তু একটা পর্যায়ে নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন তিনি। দলের বাইরেও ছিটকে পড়েন। গত অগাস্টে তিনি ধারে পাড়ি জমান এভারটনে। তার জেগে ওঠার জন্য প্রয়োজন ছিল হয়তো এরকম একটি ধাক্কা। এভারটনে চলতি মৌসুমে অসাধারণ পারফর্ম করে চলেছেন তিনি ম্যাচের পর ম্যাচ।
সেই এভারটনের বিপক্ষে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে খেলবে সিটি। এই ম্যাচে গ্রিলিশকে থামানোর জন্য মাথা ঘামাতে হচ্ছে না গুয়ার্দিওলাকে। ৩০ বছর বয়সী উইঙ্গার থাকছেন না এই ম্যাচে।
তবে মাঠে না থাকলেও তার উপস্থিতি আছে গুয়ার্দিওলার হৃদয়ে। গ্রিলিশকে চেনা চেহারায় ফিরতে দেখে পুরোনো ঠিকানায় তাকে ফেরানোর ইঙ্গিত ম্যান সিটি কোচের কণ্ঠে।
“আমার মনে হয়, আমাদের সঙ্গে তার চুক্তির আরও এক বছর বাকি আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, সে ফিরে পেয়েছে নিজেকে। এভারটনের ম্যাচগুলিতে তার প্রভাব ছিল বিশাল। যেভাবে সে খেলছে, কে জানে, হয়তো ম্যানচেস্টার সিটি তাকে ফিরে পেতে চাইবে।”
“অনেক কিছুই হতে পারে এখনও। দেখা যাক…। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে আবার খেলছে, অনেক সময় খেলার সুযোগ পাচ্ছে এবং ভালো খেলছে। এটিই তার মান। আমি খুশি, সত্যিই খুব খুশি যে সে ফিরে এসেছে (আপন রূপে), চেষ্টার কমতি রাখছে না।”
সিটিতে ফিরলেও অবশ্য সেটি এই মৌসুমে হচ্ছে না। পুরো মৌসুমের জন্যই তাকে ধারে নিয়েছে এভারটন।