১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিরোপার পাশাপাশি লেভানদোভস্কির আরেক লক্ষ্য

সেই লক্ষ্যে সতীর্থদের নতুন চ্যালেঞ্জ দিলেন রবের্ত লেভানদোভস্কি।

শিরোপার পাশাপাশি লেভানদোভস্কির আরেক লক্ষ্য
রবের্ত লেভানদোভস্কি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 07:06 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে সাফল্যের খুব কাছে পৌঁছে গেছে বার্সেলোনা। আরেকবার মাঠে নামার আগেও লক্ষ্য পূরণ হয়ে যেতে পারে তাদের। তবে, তাতে দলটির জয়ের ক্ষুধা কমছে না একটুও। বরং সতীর্থদের নতুন এক লক্ষ্য দিলেন রবের্ত লেভানদোভস্কি।  

লিগে সবশেষ ম্যাচে শনিবার রাতে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপার ১ পয়েন্ট দূরত্বে চলে এসেছে বার্সেলোনা। এস্পানিওলের মাঠে রোববার রাতে রেয়াল মাদ্রিদ জিততে ব্যর্থ হলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে হান্সি ফ্লিকের দলের।

সেটা যদি না হয়, তাহলে আগামী সপ্তাহে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দীদের বিপক্ষে ম্যাচেই উৎসব করতে পারবে বার্সেলোনা। 

ওসাসুনার বিপক্ষে হেডে দলের প্রথম গোলটি করা লেভানদোভস্কি অবশ্য বললেন, শিরোপা জয়ই তাদের একমাত্র লক্ষ্য নয়।

“লক্ষ্যটা হলো বাকি সবগুলো ম্যাচ জিতে ১০০ পয়েন্ট পাওয়ার। (আগেভাগে) লা লিগা শিরোপা জিতলেও, লিগের বাকি ম্যাচগুলো আমাদের জিততে হবে।”

“লা লিগা জয় দারুণ ব্যাপার। শহরে যে উদযাপন হয়, তা চমৎকার। তবে, শিরোপা জয়ের আগে, এই ব্যাপারে বেশি কথা না বলাই ভালো।”

এবারের লিগে এখন পর্যন্ত ১৩ গোল করেছেন লেভানদোভস্কি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ১৮টি।

৩৪ ম্যাচে ২৯ জয় ও এক ড্রয়ে ৮৮ পয়েন্ট বার্সেলোনার। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।