১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অনায়াস জয়ে শীর্ষে ফিরল পিএসজি

উসমান দেম্বেলেকে ছাড়া মেসকে হারাতে পিএসজিকে কোনো বেগ পেতে হয়নি।

অনায়াস জয়ে শীর্ষে ফিরল পিএসজি
পিএসজির তৃতীয় গোলটি করার পর সতীর্থের সঙ্গে গন্সালো রামোসের উদযাপন (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 04:10 AM

Updated : 26 Aug 2026, 03:00 PM

চার দিন আগে ভিন্ন প্রতিযোগিতায় জোড়া গোল করে দলকে জেতানো দিজিরে দুয়ে এবার শুরুতেই পেলেন জালের দেখা। গোল পেলেন আরও দুজন। লিগ টেবিলের তলানির দল মেসকে অনায়াসে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল পিএসজি।

ঘরের মাঠে শনিবার রাতে লিগ আঁয় ৩-০ গোলে জিতেছে লুইস এনরিকের দল। তাদের বাকি দুটি গোল করেছেন ব্রাডলি বারকোলা ও গন্সালো রামোস।

এক ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল পিএসজি। গত রাউন্ডে রেনের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল শিরোপাধারীরা।

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে গত মঙ্গলবার মোনাকোর মাঠে ৩-২ গোলে জেতা ম্যাচে প্রথমার্ধে পেশিতে চোট পাওয়ায়, মেসের বিপক্ষে খেলতে পারেননি উসমান দেম্বেলে। 

সেদিন ব্যালন দ’র জয়ীর বদলি নেমেই দুটি গোল করেছিলেন দুয়ে। এবার লিগ ম্যাচে তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন এই ফরাসি ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। ৭৭তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন পর্তুগিজ ফরোয়ার্ড রামোস। 

২৩ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে পিএসজি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে লঁস, যারা এদিন ৩-২ গোলে হেরেছে মোনাকোর বিপক্ষে।

১৩ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে মেস।