১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেকর্ড ভাঙা গোলের পেছনের গল্প বললেন মেসি

ডিফেন্ডার ফাকুন্দো মেদিনাকে আর্জেন্টিনা অধিনায়ক বলেছিলেন, বল ফিরিয়ে দাও বোকা…!

রেকর্ড ভাঙা গোলের পেছনের গল্প বললেন মেসি
গোল করে উচ্ছ্বসিত আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 02:25 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

যে গোল নিয়ে গেল চূড়ায়, ম‍্যাচ শেষে সেই গোলের পেছনের গল্প শোনালেন লিওনেল মেসি। বললেন, ফাকুন্দো মেদিনার কাছ থেকে বল চেয়ে নিয়েছিলেন তিনি। গোলের পেছনে ডামি করা করা থিয়াগো আলমাদার পাশাপাশি এন্সো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেসের ভূমিকার কথাও বললেন আর্জিন্টিনা অধিনায়ক।

অস্ট্রিয়ার বিপক্ষে ম‍্যাচে মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভাঙার সুযোগ পান মেসি শুরুতেই। কিন্তু স্পট কিক লক্ষ‍্যে রাখতে পারেননি তিনি। পরে আরও কয়েকটি সুযোগ হাতছাড়া করেন এই মহাতারকা। 

৩৮তম মিনিটে মেদিনার কাট ব‍্যাকে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মেসি। ম‍্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা। জার্মানির সাবেক স্ট্রাইকার ক্লোসাকে (১৬) পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় এগিয়ে যান মেসি। পরে আরেকবার জালের দেখা পাওয়ায় বিশ্ব মঞ্চে তার গোল হলো ১৮টি। 

ম‍্যাচ শেষে টিওয়াইসির সঙ্গে আলাপচারিতায় প্রথম গোলের পেছনের ঘটনা বর্ণনা করলেন মেসি। 

“আমি সবসময়ই নেগরোকে (মেদিনা) বলি, বল ফিরিয়ে দাও বোকা, আমি সবসময়ই ওখানে পৌঁছে যাব। আর আজ সে এটা দুর্দান্তভাবে করেছে। থিয়াগোও দেখেছিল, আমি আসছি। এন্সো তার সঙ্গে থাকা খেলোয়াড়কে সরিয়ে নিয়েছিল, লাউতিও (লাউতারো মার্তিনেস) কাছের পোস্টে থাকা খেলোয়াড়কে নিজের সঙ্গে সরিয়ে নিয়েছিল।”

“ওদের এই সব মুভমেন্ট আমাকে ফাঁকা জায়গা করে দিয়েছিল। এটা পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয়। জর্দি (আলবা) আমাকে এই ধরনের পাস দিত। আজকের এই গোলের কৃতিত্ব সম্পূর্ণ মেদিনার।”

অনেকেই এই গোলের সঙ্গে মেসির আরেকটি বিখ‍্যাত গোলের মিল দেখেন। ২০১৭ সালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে যে গোল করে সান্তিয়াগো বের্নাবেউয়ে নিজের জার্সি দর্শকদের দিকে তুলে ধরেছিলেন তিনি।

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দুই ম‍্যাচে পাঁচ গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি।