১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিডব্লিউডির স্বপ্ন ভেঙে নকআউট পর্বে রহমতগঞ্জ

ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে ড্র করেই সমীকরণ মিলিয়ে নিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

পিডব্লিউডির স্বপ্ন ভেঙে নকআউট পর্বে রহমতগঞ্জ
রহমতগঞ্জ। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 06:03 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

আবাহনীকে হারিয়ে নিজেদের কাজটুকু করে রেখেছিল পিডব্লিউডি এফসি। দলটি তাকিয়ে ছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও ফকিরেরপুল ইয়ংমেন্সের মধ্যেকার ম্যাচের দিকে। সেখানে রহমতগঞ্জের পা হড়কালে স্বপ্ন পূরণ হতে পারত পিডব্লিউডির, কিন্তু তা হয়নি। ফকিরেরপুলের সাথে ড্র করেই ফেডারেশন কাপের নকআউট পর্বে উঠেছে রহমতগঞ্জ।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ফকিরেরপুলের সাথে গোলশুন্য ড্র করে রহমতগঞ্জ। পিডব্লিউডির স্বপ্ন ভেঙে গ্রুপের দ্বিতীয় দল হয়ে নকআউট পর্বে উঠেছে তারা।

এই গ্রুপ থেকে ১০ পয়েন্ট নিয়ে আগেই নকআউট পর্বে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন। সমান ৬ করে পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিডব্লিউডিকে ছিটকে দিয়ে গ্রুপ পর্ব পেরিয়েছে রহমতগঞ্জ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় দিনের প্রথম ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া আবাহনী ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে বিদায় নিয়েছে। শেষ ম্যাচে এসে পয়েন্ট পাওয়ার স্বস্তি নিয়ে পথচলা থামল ফকিরেরপুলের।

টানা তিন হার নিয়ে খেলতে নামা ফকিরেরপুলকে তেমন একটা চেপে ধরতে পারেনি রহমতগঞ্জ। ৮৪তম মিনিটে ফরোয়ার্ড সামিন ইয়াসির জালে বল জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল। 

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ দিকে ভালো একটি সুযোগ নষ্ট হয় রহমতগঞ্জের। ঘানার ফরোয়ার্ড ক্লেমেন্ট এডু সতীর্থের পাস বুক দিয়ে নামিয়ে শট নিতে চেয়েছিলেন, কিন্তু স্পর্শ জোরে হওয়ায় বলের নিয়ন্ত্রণ হারান তিনি, ছুটে এসে পাঞ্চ করে ক্লিয়ার করেন গোলকিপার। তবে হার এড়িয়ে অভিষ্ঠ লক্ষ্যে ঠিকই পৌঁছায় পুরান ঢাকার দলটি।